বন্যা ও নদীভাঙন রোধে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে মুহুরি-কহুয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে ফেনীর পরশুরাম উপজেলার খেয়াঘাট মুহুরি ব্রিজসংলগ্ন চরে আয়োজিত মূল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকল্পটির উদ্বোধন ঘোষণা করেন তিনি।
এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু, ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবদিন ভিপি, জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুব উল করিম ও পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
‘মুহুরি-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়)’ শীর্ষক প্রকল্পের মাধ্যমে ফেনীর পরশুরাম ও ফুলগাজীসহ আশপাশের এলাকার বন্যা ও নদীভাঙন পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন অবকাঠামো উন্নয়ন করা হবে।
প্রধানমন্ত্রীর দিনব্যাপী ফেনী সফরের অংশ হিসেবে পরশুরামে এ প্রকল্পের উদ্বোধন করা হয়। পরে তিনি ফুলগাজী উপজেলার বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।
সরকার গঠনের পর প্রথমবারের মতো ফেনী সফরে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার দুপুর ১টা ২৬ মিনিটে তাঁকে বহনকারী বাস ফেনী সদর হাসপাতাল মোড়ে পৌঁছালে সড়কের দুই পাশে উপস্থিত নেতাকর্মীরা স্লোগান ও করতালির মাধ্যমে তাঁকে স্বাগত জানান।
পরে দুপুর ২টার দিকে ফুলগাজী উপজেলা হয়ে পরশুরামের ঘাটঘর এলাকায় পৌঁছান প্রধানমন্ত্রী।
সফরসূচি অনুযায়ী, বিকেলে ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। সেখানে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান করার কথা রয়েছে।
সফর শেষে বিকেল ৫টায় সড়কপথে ঢাকার উদ্দেশে ফেনী ত্যাগ করবেন প্রধানমন্ত্রী। রাত ৯টার দিকে তাঁর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর সফর ঘিরে ফেনীতে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা। এসএসএফের পাশাপাশি দুই হাজারের বেশি পুলিশ, এসআরবি, ৯ প্লাটুন বিজিবি, কোস্টগার্ড, আনসারসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।
সভামঞ্চসহ কর্মসূচির পুরো এলাকাকে রেড, ইয়েলো ও হোয়াইট- এই তিন জোনে ভাগ করে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, গত ২৫ জানুয়ারি প্রায় দুই দশক পর ফেনীতে এসেছিলেন তারেক রহমান। সরকার গঠনের পর এটিই তাঁর প্রথম ফেনী সফর। এর আগে ১৭ সেপ্টেম্বর তাঁর ফেনী সফরের কথা থাকলেও তা স্থগিত করে ১ অক্টোবর নতুন তারিখ নির্ধারণ করা হয়।
-টিএস