⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ২:০৪ পিএম
X
প্রতীকী ছবি
গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদে মাছ ধরতে গিয়ে আবির হোসেন ইউনুস (১০) ও নিরব (৯) নামে দুই শিশু নিখোঁজ হয়েছে। তাদের উদ্ধারে দ্বিতীয় দিনের মতো অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বুধবার বিকেলে জামাই বাজার রেলওয়ে ব্রিজের নিচে তুরাগ নদে মাছ ধরতে যায় দুই শিশু। একপর্যায়ে নদীর স্রোতে তারা ভেসে যায়। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। রাত সাড়ে ৭টা পর্যন্ত অভিযান চালিয়েও তাদের সন্ধান না পাওয়ায় আলো স্বল্পতা ও প্রতিকূল পরিস্থিতিতে অভিযান স্থগিত করা হয়। বৃহস্পতিবার সকাল থেকে ফের অভিযান শুরু হয়েছে। নদীর বিভিন্ন সম্ভাব্য স্থানে তল্লাশি চালাচ্ছেন ডুবুরিরা। দুপুর পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, নিখোঁজ দুই শিশুকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। এদিকে নিখোঁজ শিশুদের স্বজন ও স্থানীয়রা নদীর তীরে ভিড় করেছেন। স্বজনদের আহাজারিতে সেখানে ভারী হয়ে উঠেছে পরিবেশ। আরএস/এফএস