কুষ্টিয়ার মিরপুরে শ্যামলী পরিবহনের বাসের চাপায় ভ্যানযাত্রী এক নারী নিহত হয়েছেন। পরে চিকিৎসাধীন অবস্থায় ভ্যানচালকও মারা গেছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে দিকে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের আমতলা মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ভ্যানযাত্রীর বয়স আনুমানিক ৫৫ বছর। তিনি কুষ্টিয়ার ভাদালিয়া এলাকার স্বস্তিপুর গ্রামের হাসেম আলীর স্ত্রী। দুর্ঘটনায় গুরুতর আহত হন তার মেয়ে হাসিনা ও ভ্যানচালক কামরুল ইসলাম (৩২)।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি পাখিভ্যানের এক্সেল ভেঙে সেটি সড়কের ওপর পড়ে যায়। এ সময় পেছন থেকে আসা মেহেরপুরগামী শ্যামলী পরিবহনের বাসটি ভ্যানটিকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ওই নারী মারা যান।
আহতদের উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে পরে তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ভ্যানচালক কামরুল ইসলাম মারা যান।
মিরপুর থানার পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। মিরপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।
এমএ/এফএস