কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি)–এর যৌথ মাদকবিরোধী অভিযানে চারজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—পিয়ারপুর ইউনিয়নের শেরপুর গ্রামের মৃত সামাদের ছেলে মো. পাঞ্জু মোম্বার (৪৭), খলিশাকুন্ডি ইউনিয়নের খলিশাকুন্ডি গ্রামের আজির উদ্দিনের ছেলে মো. জিনারুল ইসলাম, একই গ্রামের মৃত আব্দুল বাছেদের ছেলে মোশাররফ হোসেন এবং রামকৃষ্ণপুর ইউনিয়নের মুন্সিগঞ্জ গ্রামের মো. ফেন্টুর ছেলে মো. সনিরুল ইসলাম (২৫)।
পরে মাদক সেবন ও বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ কুমার দাশ তাদের সাজা দেন।
এর মধ্যে মো. পাঞ্জু মোম্বারকে পাঁচ দিনের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অপর তিনজনকে এক মাস করে কারাদণ্ড এবং প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক প্রদীপ কুমার দাশ বলেন, দৌলতপুর উপজেলায় ছিনতাই, চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধ দমনের পাশাপাশি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।
এসআই/আরএন