গাইবান্ধার গোবিন্দগঞ্জে হাঁস ধরতে গিয়ে পুকুরের পানিতে পড়ে খালাতো দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার শাখাহার ইউনিয়নের দশলাল পশ্চিমপাড়া (হাঝরাপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো—দশলাল পশ্চিমপাড়া (হাঝরাপাড়া) গ্রামের ফরহাদ মিয়ার মেয়ে মিম আক্তার (৩) এবং তাঁর শ্যালিকা সারমিন বেগমের মেয়ে আফরিন খাতুন (৪)।
স্থানীয়রা জানান, কয়েক দিন আগে টাঙ্গাইল থেকে আফরিন খাতুন তাঁর মায়ের সঙ্গে খালু ফরহাদ মিয়ার বাড়িতে বেড়াতে আসে। বুধবার সকালে হাঁস ধরতে গিয়ে মিম ও আফরিন পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে তাদের মৃত্যু হয়।
শাখাহার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য লাইজু আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, একই সঙ্গে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের মাতম চলছে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে।
টিএইচ/আরএন