ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
উচ্ছেদ ঘিরে রণক্ষেত্র মিরপুর: নজিরবিহীন কঠোরতায় ডিএনসিসি
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১:১৬ পিএম আপডেট: ৩০.০৯.২০২৬ ১:২৫ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

রাজধানীর অত্যন্ত ব্যস্ততম এলাকা মিরপুর-১০ নম্বর গোলচত্বরে ফুটপাতের অবৈধ দখল উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকারদের নজিরবিহীন তাণ্ডব ও অগ্নিসংযোগের ঘটনার পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল (টিয়ারশেল) নিক্ষেপ করলে পুরো এলাকা রণক্ষেত্রে রূপ নেয়। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উচ্ছেদ অভিযান চলাকালে উত্তেজিত হকাররা করপোরেশনের ৩টি ময়লার গাড়ি ও ১টি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়। পাশাপাশি উচ্ছেদে ব্যবহৃত একটি ভেকু এবং পুলিশের গাড়িতেও ব্যাপক ভাঙচুর চালানো হয়।

ঘটনার শুরুতেই উচ্ছেদ চলাকালে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এরপরই সংঘবদ্ধ হকার ও ব্যবসায়ীরা লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে পুলিশ এবং সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালতের ওপর চড়াও হয়। পরবর্তীতে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার পরপরই মিরপুর ১০ থেকে কাজীপাড়া ও পার্শ্ববর্তী সড়কগুলোতে চরম যানজট ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সময় ও যমুনা টিভির গাড়িতে ভাঙচুর

উচ্ছেদ ঘিরে চলমান তাণ্ডব ও সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে হকারদের চরম রোষের মুখে পড়েন দায়িত্ব পালনরত পেশাদার সাংবাদিকেরা। সংঘাতের সংবাদ ও ছবি চিত্রগ্রহণের সময় সময় টেলিভিশনের ওপর সরাসরি হামলা চালানো হয়। উত্তেজিত হকাররা সময় টিভির ব্যবহৃত গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং তাদের ক্যামেরাপারসনকে লক্ষ্য করে আঘাত হানে। এ সময় সময় টিভির মূল্যবান ক্যামেরাটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় এবং হামলায় তাদের ক্যামেরাপারসন গুরুতর আহত হন। এছাড়া যমুনা টিভির গাড়িতেও হামলা করা হয়। এসময় ইটপাটকেলের আঘাতে বেশ কয়েকজন পুলিশ সদস্য এবং সিটি করপোরেশনের কর্মচারীরাও আহত হয়েছেন।

উচ্ছেদে আর কোনো পূর্বঘোষণা নয়: ডিএনসিসির জরুরি নোটিশ

সংঘর্ষ ও সরকারি সম্পত্তিতে অগ্নিসংযোগের ঘটনার পরপরই একটি জরুরি ও কঠোর সিদ্ধান্ত নিয়ে নোটিশ জারি করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এতে বলা হয়, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট সকল অবৈধ দখলদারকে যথাযথ উপায়ে একাধিকবার সরাতে নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু বারবার সময় দেওয়ার পরও তারা ফুটপাত ছাড়েনি।

ডিএনসিসি কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে, এখন থেকে মিরপুরসহ সিটি করপোরেশন এলাকার ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালনার আগে পৃথকভাবে কোনো পূর্বঘোষণা, মাইকিং বা প্রচার-প্রচারণা চালানো হবে না। পরবর্তী সময়ে যেকোনো স্থানে অভিযান পরিচালনা করা হবে সম্পূর্ণ আকস্মিকভাবে। তাই ঝামেলা ও আইনি জটিলতা এড়াতে সংশ্লিষ্ট অবৈধ দখলদারদের নিজ দায়িত্বে অনতিবিলম্বে স্থাপনা ও মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সরকারি কাজে বাধা, পুলিশি গাড়িতে হামলা ও সিটি করপোরেশনের যান পুড়িয়ে কোটি টাকার ক্ষতিসাধনের ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

এসএ
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement