নোয়াখালীতে কিশোর গ্যাং দমনে জেলা পুলিশের বিশেষ অভিযানে ১৬৩ জনকে আটক করা হয়েছে। বুধবার জেলার আট থানায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা পুলিশ জানায়, জননিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলা রক্ষায় পুলিশ সুপার এ.এন.এম নাসিরুদ্দিনের নির্দেশে এ অভিযান চালানো হয়।
আটক ১৬৩ জনের মধ্যে দুজনকে আগের মামলার আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। আরও নয়জনকে ফৌজদারি কার্যবিধির ৩৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকি ১৫২ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
থানাভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ৬৯ জনকে আটক করা হয়েছে হাতিয়া থানায়। এছাড়া বেগমগঞ্জে ৩৭, সুধারাম মডেল থানায় ২৮, সেনবাগে ৯, চরজব্বরে ৭, সোনাইমুড়ী ও কবিরহাটে পাঁচজন করে এবং কোম্পানীগঞ্জে তিনজনকে আটক করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার বলেন, কিশোরদের অপরাধ থেকে দূরে রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের সমন্বয়ে সচেতনতামূলক কার্যক্রমও পরিচালনা করা হবে।
মান্না রহমান /এফএস