রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় সিটি করপোরেশনের ময়লার গাড়িতে আগুন দেওয়া এবং পুলিশের গাড়ি ও একটি ভেকুতে ভাঙচুর চালানো হয়।
মিরপুর মডেল থানার ডিউটি অফিসার মো. শহিদুল ইসলাম ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, মিরপুর-১০ এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চলাকালে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে হকার ও ফুটপাতের ব্যবসায়ীরা সিটি করপোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন ধরিয়ে দেন। এ ছাড়া একটি ভেকু (খননযন্ত্র) ও পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ করে।
এদিকে উচ্ছেদ অভিযান নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) একটি জরুরি নোটিশ জারি করেছে। এতে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট সব স্থানে যথাযথভাবে নোটিশ দেওয়া হয়েছে। তাই এখন থেকে উচ্ছেদ অভিযান পরিচালনার আগে পৃথকভাবে কোনো পূর্বঘোষণা বা প্রচারণা করা হবে না।
নোটিশে আরও বলা হয়, পরবর্তী সময়ে উচ্ছেদ অভিযান আকস্মিকভাবে এবং পূর্বঘোষণা ছাড়াই পরিচালনা করা হবে। সংশ্লিষ্টদের নিজ নিজ স্থাপনা, অবৈধ দখল ও সামগ্রী যথাসময়ে অপসারণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
নোটিশটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের আদেশক্রমে জারি করা হয়েছে।
এ ঘটনায় হতাহত বা কাউকে আটকের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এফএস