মৌলভীবাজারের কুলাউড়ায় ইয়াবা সেবন ও পরিবহনের দায়ে বাবু বাসফর নামে এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার রেল কলোনিতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় ইয়াবা সেবন ও পরিবহনের অভিযোগে বাবু বাসফরকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১৬) ধারায় তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একজন পরিদর্শক উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস বলেন, মাদক নিয়ন্ত্রণে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এম শাকিল রশীদ চৌধুরী/এফএস