রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় অননুমোদিত ওষুধ বিক্রি এবং রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রির দায়ে চারটি ওষুধের দোকানকে (ফার্মেসি) মোট ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা সূত্রে জানা যায়, রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর বাজারসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ড্রাগ আইন, ১৯৪০-এর অধীন অপরাধ সংঘটিত করায় বিভিন্ন ফার্মেসিকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়।
দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠান ও মালিকদের মধ্যে রয়েছেন—মেসার্স সরদার ড্রাগ হাউসের মালিক মো. একরাম সরদার, ৫ হাজার টাকা; মেসার্স নিউ মমতাজ মেডিসিন কর্নারের মালিক মো. নাজমুল হাসান, ২ হাজার টাকা; মেসার্স লিলি ফার্মেসির মালিক মো. ইউসুফ হোসেন, ১০ হাজার টাকা; এবং মেসার্স মোস্তফা ড্রাগ হাউসের মালিক মো. মোস্তাক আহমেদ, ৩ হাজার টাকা জরিমানা।
গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খান বলেন, “উপজেলায় অননুমোদিত ওষুধ বিক্রি এবং রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রির দায়ে চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এবং ওষুধের বাজারে শৃঙ্খলা ফেরাতে এ ধরনের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।”
এসআই/আরএন