লালমনিরহাটের পাটগ্রাম ও নীলফামারীর ডিমলা সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ১৬ লাখ ৮৩ হাজার টাকা মূল্যের ভারতীয় গোল কাঠ ও চুইঝাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার রাত ৮টার দিকে ৫১ বিজিবির কালীগঞ্জ বিওপির একটি টহল দল ঝাড়সিংহেশ্বর কাঁচা রাস্তা এলাকায় অভিযান চালায়। নায়েব সুবেদার মো. রফিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ভারতীয় গোল কাঠ ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ১০ সিএফটি গোল কাঠ জব্দ করা হয়। এর আনুমানিক মূল্য ১০ হাজার টাকা।
অন্যদিকে, সোমবার দিবাগত রাত ২টা থেকে ভোর ৫টা পর্যন্ত কুচলিবাড়ী বিওপির একটি টহল দল জুম্মারপাড় এলাকায় অভিযান চালায়। সুবেদার মো. সলেমান আলীর নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ২ হাজার ৩৯০ কেজি ভারতীয় চুইঝাল জব্দ করা হয়। এর আনুমানিক মূল্য ১৬ লাখ ৭৩ হাজার টাকা।
বিজিবির হিসাবে, দুটি অভিযানে জব্দ করা মালামালের মোট মূল্য ১৬ লাখ ৮৩ হাজার টাকা।
রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এ এফ এম জুলকার নাঈন পৃথক অভিযানে এসব ভারতীয় পণ্য জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি জানিয়েছে, জব্দ করা মালামালের বিষয়ে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। সীমান্তে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও আন্তসীমান্ত অপরাধ প্রতিরোধে নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
এমএইচ/আরএন