রাশিয়ায় আরও ১০ হাজার সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া। বর্তমানে রাশিয়ার ভূখণ্ডে উত্তর কোরিয়ার ৮ হাজারের বেশি সেনা রয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জেলেনস্কি বলেন, উত্তর কোরিয়ার সেনা মোতায়েন নিয়ে নতুন তথ্য পাওয়া গেছে। এসব সেনাকে প্রশিক্ষণের জন্য বাছাই করা হচ্ছে এবং প্রশিক্ষণ শেষে তাদের রাশিয়ায় পাঠানোর প্রস্তুতি চলছে।
এর আগে গত আগস্টে জেলেনস্কি বলেছিলেন, রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নিতে উত্তর কোরিয়া সর্বোচ্চ ৫০ হাজার সেনা পাঠাতে পারে। সে সময় ইউক্রেনের আকাশ প্রতিরক্ষাব্যবস্থায় সহায়তা দিতে দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান জানিয়েছিলেন তিনি। এর আগে জুলাইয়ে ইউক্রেনের জন্য ১০ কোটি ডলারের সহায়তা প্যাকেজ ঘোষণা করেছিল দক্ষিণ কোরিয়া। তবে ওই সহায়তায় প্রাণঘাতী অস্ত্র ছিল না।
ইউক্রেন ও দক্ষিণ কোরিয়ার হিসাব অনুযায়ী, ২০২৪ সাল থেকে রাশিয়ার যুদ্ধে সহায়তা করতে উত্তর কোরিয়া আনুমানিক ১৪ হাজার থেকে ১৫ হাজার সেনা পাঠিয়েছে। তাদের বেশির ভাগকে রাশিয়ার কুরস্ক অঞ্চলে মোতায়েন করা হয়েছে। সেখানে ইউক্রেনের সামরিক অভিযান প্রতিহত করতে রুশ বাহিনীকে সহায়তা করছেন তারা।
সূত্র: রয়টার্স
এসএস