ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
‘বিদেশি এজেন্ডা বাস্তবায়নে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে’: মীর শাহে আলম
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৪ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে একটি রাজনৈতিক দল বিদেশি এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, কোনো অপতৎপরতাই সফল হতে দেওয়া হবে না। সরকার নিজস্ব গতিতেই চলবে।

মঙ্গলবার সকালে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মীর শাহে আলম বলেন, একটি রাজনৈতিক দল ধর্মের কথা বলে ভোট নিলেও মসজিদ, মাদ্রাসা, ইমাম, মুয়াজ্জিন ও ধর্মীয় শিক্ষকদের কল্যাণে কার্যকর উদ্যোগ নেয়নি। তার দাবি, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বর্তমান সরকার এসব বিষয়ে বিভিন্ন কর্মসূচি নিয়েছে।

সরকারের বিভিন্ন কর্মসূচিকে সমর্থন না করে দেশের পরিস্থিতি অস্বাভাবিক করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি। তবে কোনো অপতৎপরতাই কাজে আসবে না বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

কবর জিয়ারত শেষে আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন মীর শাহে আলম। তিনি বলেন, আবু সাঈদের আত্মত্যাগ শুধু ইতিহাসের অংশ নয়, পুরো জাতির জন্য অনুপ্রেরণা। তার পরিবারের কল্যাণ ও স্মৃতি সংরক্ষণে সরকারি সহায়তা অব্যাহত থাকবে।

প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আবু সাঈদের পরিবারের জন্য স্থায়ী বাসগৃহ নির্মাণ করা হবে। একই সঙ্গে তার কবর ও বাড়ির সৌন্দর্যবর্ধন এবং স্মৃতি সংরক্ষণের জন্য আবু সাঈদ ফাউন্ডেশনে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা দেন তিনি।

তিনি বলেন, রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে সব নাগরিকের সম-অধিকার নিশ্চিত করা হবে। পীরগঞ্জসহ দীর্ঘদিন অবহেলিত অঞ্চলগুলোকে উন্নয়নের মূলধারায় আনার কাজও চলছে।

সামাজিক নিরাপত্তা কর্মসূচি প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, চলতি অর্থবছরে ৪১ লাখ ফ্যামিলি কার্ড ও ৪৩ লাখ কৃষক কার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে। ফ্যামিলি কার্ডের পাশাপাশি কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদেরও সামাজিক ও অর্থনৈতিক সহায়তার আওতায় আনা হবে।

সারের সংকট নিয়েও অভিযোগ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের প্রভাব রয়েছে এমন কিছু এলাকায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে সারের কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করা হচ্ছে।

অনুষ্ঠানে রংপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
   
  এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement