ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আবুধাবি সফরের বিষয়টি নিশ্চিত করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। রোববার আবুধাবিতে ইউএইর প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেন নেতানিয়াহু।
ইউএইর রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ডব্লিউএএম সোমবার জানায়, বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং তা আরও জোরদার ও উন্নয়নের উপায় নিয়ে আলোচনা হয়েছে। নেতানিয়াহুর দপ্তরও জানিয়েছে, ইউএই প্রেসিডেন্টের আমন্ত্রণে তিনি দেশটি সফর করেন। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়।
তবে সফরটি আগে থেকে প্রকাশ করা হয়নি। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ প্রথম নেতানিয়াহুর আবুধাবি সফরের খবর প্রকাশ করে। পরে ইউএই কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে সফরের বিষয়টি নিশ্চিত করে।
নেতানিয়াহুর সফরের সময় ইসরায়েল-ইউএই সম্পর্কের পাশাপাশি ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার আগে সম্ভাব্য হামলা নিয়ে ইউএই প্রেসিডেন্টের সতর্কবার্তার একটি প্রতিবেদন নিয়েও আলোচনা চলছে। ইসরায়েলি সংবাদপত্র হারেৎজ ওই সতর্কবার্তার দাবি প্রকাশ করলেও নেতানিয়াহুর দপ্তর তা অস্বীকার করেছে।
২০২০ সালে আব্রাহাম অ্যাকর্ডসের মাধ্যমে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করে ইউএই। এরপর দুই দেশের মধ্যে বাণিজ্য, কূটনীতি ও নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি পেয়েছে।
এফএস