ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সাইবার হামলা ঠেকানোর কৌশল শেখাতে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১২ পিএম
X
Advertisement

ফিশিং ই-মেইল, ভুয়া লগইন পেজ কিংবা প্রতারণামূলক ফোনকল—অনলাইনে প্রতিদিনই নানা ধরনের ঝুঁকির মুখে পড়ছেন মানুষ। এসব ঝুঁকি কীভাবে চেনা যায়, সাইবার হামলাকারীরা কীভাবে একটি সিস্টেমের দুর্বলতা খুঁজে নেয় এবং নিজের ডিজিটাল তথ্য কীভাবে নিরাপদ রাখা যায়—এসব বিষয় নিয়ে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে তিন দিনব্যাপী সাইবার সিকিউরিটি বুটক্যাম্প।

২৬ থেকে ২৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ বুটক্যাম্পের আয়োজন করে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সাইবার সিকিউরিটি ক্লাব (PUCSC)। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগের সার্বিক দিকনির্দেশনায় আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের সাইবার নিরাপত্তা সম্পর্কে সচেতন করার পাশাপাশি ব্যবহারিক জ্ঞান দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।

বুটক্যাম্পের প্রথম দিনের সেশনের শিরোনাম ছিল ‘Think Like a Hacker: Learn. Detect. Protect.’। সেশনটি পরিচালনা করেন PUCSC-এর সভাপতি ফাহাদ আল ফাহিম। তিনি দেখান, একটি সাইবার হামলার আগে আক্রমণকারীরা কীভাবে সম্ভাব্য দুর্বলতা খুঁজে বের করে। কোনো সিস্টেম বা ব্যবহারকারীর অসতর্কতা কীভাবে ঝুঁকি তৈরি করতে পারে, সেটিও তুলে ধরা হয়।

সন্দেহজনক লিংকে ক্লিক করা, একই পাসওয়ার্ড একাধিক অ্যাকাউন্টে ব্যবহার করা কিংবা অপরিচিত ব্যক্তির সঙ্গে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করার মতো সাধারণ ভুল কীভাবে বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে, সে বিষয়েও আলোচনা হয়।

দ্বিতীয় দিনের সেশনের বিষয় ছিল ‘Mind Games: The Psychology of Phishing and Social Engineering’। এটি পরিচালনা করেন ক্লাবের সহসভাপতি আল আমিন ইসলাম আপন। এখানে মূলত মানুষের মনস্তত্ত্বকে কাজে লাগিয়ে কীভাবে তথ্য হাতিয়ে নেওয়া হয়, তা তুলে ধরা হয়।

ভুয়া ই-মেইল বা বার্তা পাঠানো, নকল লগইন পেজ তৈরি, পরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের পরিচয় ব্যবহার করে তথ্য চাওয়া কিংবা জরুরি পরিস্থিতির কথা বলে কাউকে দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য করা—এসব কৌশল নিয়ে আলোচনা করেন তিনি। শিক্ষার্থীদের সামনে বিভিন্ন বাস্তবধর্মী পরিস্থিতি তুলে ধরে কোন লক্ষণগুলো দেখলে সতর্ক হতে হবে, সে বিষয়েও ধারণা দেওয়া হয়।

তৃতীয় দিনের সেশনের বিষয় ছিল ‘Secure Your Digital Life: Stay Safe, Stay Secure in the Digital World’। সেশনটি পরিচালনা করেন সিএসই বিভাগের প্রভাষক ও প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সাইবার সিকিউরিটি ক্লাবের মডারেটর মোস্তফা কামাল সাগর।

এ সেশনে গুরুত্ব দেওয়া হয় দৈনন্দিন ডিজিটাল নিরাপত্তার ওপর। শক্তিশালী ও আলাদা পাসওয়ার্ড ব্যবহার, মাল্টিফ্যাক্টর অথেনটিকেশন চালু করা, অ্যাকাউন্ট রিকভারি সেটিংস ঠিক রাখা, সফটওয়্যার নিয়মিত হালনাগাদ করা এবং পাবলিক ওয়াই-ফাই ব্যবহারে সতর্ক থাকার বিষয়গুলো তুলে ধরা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত তথ্য কতটা শেয়ার করা উচিত এবং ডিভাইস কীভাবে নিরাপদ রাখা যায়, সে বিষয়েও আলোচনা হয়।

বুটক্যাম্পের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন ও সিএসই বিভাগের প্রধান অধ্যাপক ড. শাহিদুল ইসলাম খান নাঈম। তিনি বলেন, প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি এর ঝুঁকি সম্পর্কে জানাও এখন শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ। সাইবার নিরাপত্তার বিষয়ে বাস্তব জ্ঞান অর্জন করলে শিক্ষার্থীরা নিজেদের নিরাপদ রাখার পাশাপাশি ভবিষ্যৎ কর্মক্ষেত্রেও তা কাজে লাগাতে পারবেন।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বুটক্যাম্পে অংশ নেওয়া শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন।

প্রযুক্তির ব্যবহার যত বাড়ছে, ততই সাইবার নিরাপত্তার বিষয়টি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে যুক্ত হচ্ছে। ব্যাংকিং, কেনাকাটা, শিক্ষা, যোগাযোগ থেকে শুরু করে সরকারি বিভিন্ন সেবাও এখন অনলাইননির্ভর। ফলে প্রযুক্তি বিষয়ে পড়াশোনা করা শিক্ষার্থীদের জন্য প্রোগ্রামিং বা সফটওয়্যার তৈরির পাশাপাশি নিরাপদ প্রযুক্তি ব্যবহারের ধারণাও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সিএসই বিভাগের উদ্যোগে আয়োজিত এ ধরনের কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষের বাইরেও আধুনিক প্রযুক্তি নিয়ে কাজ করার সুযোগ পাচ্ছেন। প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সাইবার সিকিউরিটি ক্লাবের বুটক্যাম্পে সাইবার নিরাপত্তার পাশাপাশি নেতৃত্ব ও বাস্তব সমস্যা মোকাবিলায় টিমওয়ার্কের অভিজ্ঞতাও অর্জনের সুযোগ হয়েছে শিক্ষার্থীদের।

Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement