দলের সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনতে ২৩ সদস্যের সাংগঠনিক উপ-কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমকে এই উপ-কমিটির প্রধান করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত রাজধানীর বাংলা মোটরে এনসিপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
দলীয় সূত্রে জানানো হয়, সাংগঠনিক কার্যক্রম আরও সক্রিয় ও সমন্বিত করতে এই উপ-কমিটি কাজ করবে। কমিটিতে রাজনৈতিক পর্ষদ থেকে দুজন উপ-প্রধান থাকবেন।
এ ছাড়া দেশের প্রতিটি বিভাগের জন্য একজন করে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও একজন সহ-সাংগঠনিক সম্পাদক রাখার সিদ্ধান্ত হয়েছে।
দলটির সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংগঠিত করা এবং বিভাগীয় পর্যায়ে কার্যক্রম জোরদার করতেই এই উপ-কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে এনসিপি।
আরএন