সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের শ্রীপুর-কুড়িকাহুনিয়া লঞ্চঘাটের দক্ষিণ পাশে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। কপোতাক্ষ নদের প্রবল জোয়ারের পানির তোড়ে সোমবার ভোরে পাউবো বিভাগ-২-এর আওতাধীন ৭/২ পোল্ডারের প্রায় ১৫০ ফুট বেড়িবাঁধ নদীগর্ভে বিলীন হয়ে যায়। এতে ভাঙনকবলিত এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ভাঙনের খবর পেয়ে প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী স্থানীয়দের সঙ্গে নিয়ে জরুরি ভিত্তিতে বাঁধ মেরামতের কাজ শুরু করেন। বর্তমানে স্থানীয় বাসিন্দারা স্বেচ্ছাশ্রমে ভাঙনস্থলে মেরামতকাজে অংশ নিচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কপোতাক্ষ নদের প্রবল জোয়ার ও নদীভাঙনের কারণে শ্রীপুর-কুড়িকাহুনিয়া লঞ্চঘাটের দক্ষিণ পাশের বেড়িবাঁধের ওই অংশটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। স্থানীয়দের দাবি, বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো হলেও ভাঙন ঠেকাতে আগে থেকে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
কুড়িকাহুনিয়া গ্রামের বাসিন্দা শফিকুল ইসলাম বলেন, বাঁধে প্রাথমিকভাবে ভাঙন দেখা দেওয়ার পরও দ্রুত ব্যবস্থা নেওয়া হয়নি। বাঁধ ভেঙে যাওয়ার পর জরুরি ভিত্তিতে মেরামতের উদ্যোগ নেওয়া হয়। তিনি বাঁধ রক্ষণাবেক্ষণে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী বলেন, শ্রীপুর-কুড়িকাহুনিয়া লঞ্চঘাটের দক্ষিণ পাশের বেড়িবাঁধ আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল। বিষয়টি পাউবো কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। সোমবার ভোরে হঠাৎ প্রায় ১৫০ ফুট অংশ কপোতাক্ষ নদে ধসে পড়ে। খবর পেয়ে স্থানীয়দের নিয়ে দ্রুত ঘটনাস্থলে এসে মেরামতের কাজ শুরু করা হয় এবং পাউবো কর্তৃপক্ষকেও বিষয়টি জানানো হয়েছে।
তিনি আরও বলেন, দ্রুত ভাঙনস্থল মেরামত করা না গেলে কপোতাক্ষের প্রবল জোয়ারে বাঁধের আরও বড় অংশ ভেঙে যেতে পারে। এতে ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে ফসলের ক্ষেত, চিংড়িঘের, ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
সাতক্ষীরা পাউবো বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রহমান তাযকিয়া বলেন, খবর পাওয়ার পর পাউবোর কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছেন। বর্তমানে ভাঙনস্থলের রিভার সাইডে জিও ব্যাগ ডাম্পিং এবং ল্যান্ড সাইডে জিও টিউব স্থাপনের মাধ্যমে ভাঙন প্রতিরোধের কাজ চলছে। রাতে আরও এক দফা জিও টিউবের লেয়ার দেওয়া হলে বাঁধের ওই অংশ কিছুটা নিরাপদ হবে বলে জানান তিনি। রাত পর্যন্ত মেরামতকাজ চলমান ছিল।
এদিকে বেড়িবাঁধ ভাঙনের খবর পেয়ে সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাসার দলীয় নেতাকর্মীদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি এলাকার স্বার্থে দ্রুত ভাঙনস্থল মেরামতের জন্য পাউবো কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
এমজেডআর/আরএন