মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে অটোভ্যানচালক মো. বাশার গাজী হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার তিন আসামির সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন নিহতের পরিবারের সদস্য ও এলাকাবাসী। মানববন্ধন শেষে আসামিদের বাড়িঘরে ভাঙচুরের ঘটনা ঘটেছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের শাহ আলী বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বাশার গাজী হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, দ্রুত বিচার এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা বিক্ষোভ করেন। পরে টঙ্গিবাড়ী উপজেলার বেতকা ইউনিয়নের মামুদাদপুর এলাকায় গ্রেপ্তার আসামি কাউসার মোল্লার দুটি বসতঘরে ভাঙচুরের ঘটনা ঘটে। একই দিন নারায়ণগঞ্জের আলীরটেক ইউনিয়নের তৈলখিলা এলাকায় গ্রেপ্তার অপর দুই আসামি শামীম শেখ ও মো. রাজনের বাড়িঘরেও ভাঙচুরের ঘটনা ঘটে। সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এমএইচ/আরএন