যশোরের কোতোয়ালি মডেল থানার ষষ্ঠীতলা এলাকায় অভিযান চালিয়ে অনলাইন প্রতারণা ও ভুয়া আইডি কার্ড তৈরির অভিযোগে একটি চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে এসআরবি-৬।
রোববার এসআরবি-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ষষ্ঠীতলা এলাকার মো. রিপন হোসেনের তিনতলা ভবনের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতাররা হলেন ঝিনাইদহ সদর উপজেলার বোংকিরা গ্রামের পিকুল বিশ্বাসের ছেলে আল মুছাব্বির রিয়াদ (২৩), যশোরের ঝিকরগাছা উপজেলার গোডাউন কলাগাছি গ্রামের ইমান আলীর ছেলে মো. রাসেল হোসেন (২৭), ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাতানগাছি গ্রামের শহিদুজজামানের ছেলে ফাহিম সাদিক (২২) এবং একই উপজেলার জলিলপুর গ্রামের সজল আলীর ছেলে মো. সিয়াম আলী (২২)।
অভিযানকালে তাদের কাছ থেকে তিনটি ল্যাপটপ, পাঁচটি কম্পিউটার মনিটর, ১৭টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, চারটি কম্পিউটার পিসি, একটি আইডি প্রিন্টার, চারটি কিবোর্ড, চারটি মাউস, একটি কালার প্রিন্টার, একটি বিদেশি নকল ড্রাইভিং লাইসেন্স কার্ড, একটি পাওয়ার ব্যাংক ও একটি ওয়েব ক্যামেরা জব্দ করা হয়।
এসআরবি জানায়, প্রাথমিক অনুসন্ধানে গ্রেফতারদের দীর্ঘদিন ধরে বিভিন্ন ডিভাইস ব্যবহার করে অবৈধভাবে ভুয়া আইডি কার্ড তৈরি এবং অনলাইনে বিভিন্ন ধরনের প্রতারণা চালানোর তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাদের থানায় হস্তান্তর করা হয়।
সৈকত মোঃ সোহাগ/ এফএস