পাহাড়, মেঘ ও সবুজের অপরূপ সৌন্দর্যে ঘেরা রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস-২০২৬।
রোববার (২৭ সেপ্টেম্বর) দিনব্যাপী এ উপলক্ষে সাজেকের পাহাড়ি জনপদ মুখর হয়ে ওঠে। কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য রোড শো, পর্যটনবান্ধব বৃক্ষরোপণ, পাহাড়ের ঐতিহ্যবাহী খাবারের উৎসব ও আলোচনা সভা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার দিপু। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি ওমর আলীসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
দিনব্যাপী আয়োজনে স্থানীয় বাসিন্দা, পর্যটক, হোটেল-রিসোর্ট মালিক ও সাংবাদিকরা অংশ নেন। পাহাড়, মেঘ ও প্রকৃতির আবহে আয়োজিত বিভিন্ন কর্মসূচি আগত পর্যটকদেরও আকৃষ্ট করে।
আলোচনা সভায় বক্তারা বলেন, সাজেকের পর্যটন সম্ভাবনাকে দেশ-বিদেশে তুলে ধরতে সরকার ও স্থানীয় জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পাহাড়ের ঐতিহ্যবাহী খাবার, সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্যকে কাজে লাগিয়ে সাজেকে টেকসই পর্যটন গড়ে তোলা সম্ভব।
প্রধান অতিথির বক্তব্যে দীপেন তালুকদার দিপু বলেন, “সাজেক শুধু রাঙামাটির নয়, পুরো বাংলাদেশের গর্ব। এই পর্যটন শিল্পকে টিকিয়ে রাখতে হলে পরিবেশ রক্ষা, স্থানীয় জনগণের সম্পৃক্ততা এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”
মোঃ মহিউদ্দিন/ এফএস