মৌলভীবাজারের কুলাউড়া পৌর শহরের একটি পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৫৫) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা।
রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় পৌর শহরের খানবাড়ী জামে মসজিদের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, পুকুরে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন। পরে তাকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। মরদেহটি রাতেই মৌলভীবাজার জেলা সদরের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
এম শাকিল রশীদ চৌধুরী/এফএস