
সংগৃহীত ছবি
জোহানেসবার্গে দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ৩২ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের সিরিজ নিজেদের করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। ওয়ান্ডারার্সে ব্যাট হাতে ডেভিড মিলারের ঝড়ের পর বল হাতেও নিয়ন্ত্রিত পারফরম্যান্স দেখিয়ে অস্ট্রেলিয়াকে ৩৩৩ রানে অলআউট করে স্বাগতিকরা। ফলে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা।
টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। শুরুতেই জশ হ্যাজলউডের বলে প্রথম বলেই আউট হন এইডেন মার্করাম। এরপর কুইন্টন ডি ককও ১৫ রানে ফিরে গেলে চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা। সেখান থেকে দলকে ঘুরে দাঁড় করান অধিনায়ক তেম্বা বাভুমা ও ডেভিড মিলার।
তৃতীয় উইকেটে দুজনের ১৫৬ রানের জুটি দক্ষিণ আফ্রিকাকে বড় সংগ্রহের পথে নিয়ে যায়। বাভুমা ১১৬ বলে ১০৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। অন্যদিকে আরও বিধ্বংসী ছিলেন মিলার। মাত্র ৯৩ বলে ১৪২ রান করেন তিনি। তাঁর ইনিংসে ছিল ১২টি চার ও ৯টি ছক্কা। ওয়ানডেতে এটিই মিলারের ক্যারিয়ারসেরা ইনিংস এবং আন্তর্জাতিক ওয়ানডেতে তাঁর অষ্টম সেঞ্চুরি।
শেষ দিকে অস্ট্রেলিয়ার বোলাররা কিছুটা লাগাম টানলেও দক্ষিণ আফ্রিকার রান থামানো যায়নি। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ৩৬৫ রানের বিশাল সংগ্রহ গড়ে স্বাগতিকরা। অস্ট্রেলিয়ার সামনে দাঁড়ায় ৩৬৬ রানের লক্ষ্য।
জবাবে শুরুটা দুর্দান্ত করে অস্ট্রেলিয়া। মিচেল মার্শ ও ট্রাভিস হেডের উদ্বোধনী জুটিতে আসে ১৩০ রান। দুজনই ৮৪ রান করে ফেরার পর ম্যাচে ফিরতে শুরু করে দক্ষিণ আফ্রিকা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে অস্ট্রেলিয়া।
শেষ দিকে জেভিয়ার বার্টলেট ২৮ বলে ৫০ রানের ঝড়ো ইনিংস খেলে ব্যবধান কমানোর চেষ্টা করেন। তবে প্রয়োজনীয় রান তুলে দলকে জয়ের বন্দরে নিতে পারেননি তিনি। ৪৯.৫ ওভারে ৩৩৩ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া।
ফলে ৩২ রানের জয় নিয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা। দুই ম্যাচেই অস্ট্রেলিয়ার শুরুটা ভালো হলেও ইনিংসের মাঝপথে ও শেষ দিকে ব্যাটিং ধসে ম্যাচ হাতছাড়া হয়েছে। প্রথম ওয়ানডেতে ৬৭ রানের জয়ের পর দ্বিতীয় ম্যাচেও দাপুটে পারফরম্যান্স দেখিয়ে সিরিজ নিজেদের করে নিল দক্ষিণ আফ্রিকা।
সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে বুধবার পচেফস্ট্রুমে।
এফএস