ঢাকার চারপাশের পাঁচ নদী ও দুই সিটি করপোরেশনের ৫৫টি খাল পরিষ্কার-পরিচ্ছন্ন করে পানিপ্রবাহ সচল, নদীর পাড় সংরক্ষণ ও নৌযান চলাচল উপযোগী করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। একইসঙ্গে খালের দুই পাড়ে গাইডওয়াল-রিটার্নিং ওয়াল নির্মাণ, বৃক্ষরোপণ ও ওয়াকওয়ে তৈরির পরিকল্পনা রয়েছে। শুষ্ক মৌসুমের মধ্যেই খালগুলোর চলমান কাজ দৃশ্যমান পর্যায়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
রোববার (২৭ সেপ্টেম্বর) ত্রিমোহনী খাল ব্রিজে খাল পুনরুদ্ধার, সংস্কার ও নান্দনিক পরিবেশ সৃষ্টি প্রকল্পের আওতাধীন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জিরানি খাল পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, মূলত ঢাকাকে নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের যে চিন্তা, তারই অংশ হিসেবে ঢাকার চারপাশের পাঁচটি নদী পরিষ্কার-পরিচ্ছন্ন করা, নদীর পাড় সংরক্ষণ, গাইডওয়াল ও রিটার্নিং ওয়াল নির্মাণ এবং বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। একইসঙ্গে নদীগুলোকে ৪০-৫০ বছর আগের মতো সচল করে নৌযান চলাচলের উপযোগী করার লক্ষ্য রয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৬টি এবং উত্তর সিটি করপোরেশনের ২৯টি খাল পরিষ্কার করে গাইডওয়াল, রিটার্নিং ওয়াল, ওয়াকওয়ে ও নেটিংয়ের মাধ্যমে সৌন্দর্য বৃদ্ধি এবং পানিপ্রবাহ সচল করা হবে। ঢাকার স্যুয়ারেজ লাইনগুলো শহরের বাইরে নিয়ে দাসেরকান্দি, পাগলা, মিরপুর, উত্তরা ও রায়েরবাজার-মাদানীসহ নির্ধারিত স্থানে এসটিপির মাধ্যমে পরিশোধন করে নদীতে পরিষ্কার পানি ফেলার পরিকল্পনাও নেওয়া হয়েছে। এ বিষয়ে গঠিত কমিটি গত তিন মাস ধরে কাজ করছে এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সাত-আটটি বৈঠক করে ঢাকাকে কীভাবে সুন্দর ও বাসযোগ্য করা যায়, সে বিষয়ে প্রতিবেদন ও চিত্র উপস্থাপন করেছে। কমিটি এরইমধ্যে ঢাকার চারপাশের নদী স্টিমার বা ফেরিতে পরিদর্শন করে প্রয়োজনীয় কাজও চিহ্নিত করেছে।
তিনি বলেন, সরকারের পক্ষ থেকে আমরা স্পষ্টভাবে বলতে চাই, অতীতের মতো মুখে ঢাকা বা দেশকে কানাডা, অস্ট্রেলিয়া কিংবা সিঙ্গাপুর বানানোর কথা বলব না; আমরা একটি বাসযোগ্য ঢাকা গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছি। এমন একটি ঢাকা চাই, যেখানে জলাবদ্ধতা থাকবে না, ২৬ ও ২৯টি খাল সচল থাকবে, খালের পাশে হাঁটার জায়গা থাকবে, বৃক্ষরোপণ হবে এবং ঢাকার চারপাশের পাঁচ নদী আগের মতো প্রাণ ফিরে পাবে। নদীর দুই পাড় গাইডওয়াল ও রিটার্নিং ওয়াল দিয়ে সংরক্ষণ করে নৌযান চলাচলও ফিরিয়ে আনা হবে। এরইমধ্যে বিভিন্ন প্রকল্প নেওয়া ও অনুমোদনের কাজ চলছে। আজ আমরা মান্ডা, জিরানী, কালুনগর ও শ্যামপুর- এই চারটি খালের কাজ পরিদর্শনে এসেছি। শুষ্ক মৌসুমের মধ্যেই খালগুলোর কাজ দৃশ্যমান পর্যায়ে নিয়ে গিয়ে মানুষের ব্যবহার ও জলাবদ্ধতা নিরসনের উপযোগী করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হবে। এখানকার বাঁশের সেতুটিও অল্পদিনের মধ্যে আরসিসি সেতুতে রূপান্তর করা হবে। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী ঢাকায় কোনো বাঁশের সেতু থাকবে না; তবে অবৈধভাবে নির্মিত সেতু ও খাল দখল করে করা স্থাপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ বছর সব ধরনের অবৈধ দখল উচ্ছেদের উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্ত্রী আরও বলেন, শুধু সরকার একা এ কাজ করতে পারবে না, জনগণের সহযোগিতাও প্রয়োজন। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকরা মানুষের ভোটের চিন্তা না করে ফুটপাত দখলমুক্ত করা এবং নগর পরিষ্কার রাখার জন্য কাজ করছেন। ডেঙ্গু প্রতিরোধে প্রতি শনিবার পরিচ্ছন্নতা কর্মসূচি চালু করা হয়েছে। আমরা বেহেশতের গ্যারান্টি দেব না, তবে উন্নয়নের গ্যারান্টি দেব—রাস্তাঘাট ঠিক হবে, খাল সচল হবে, স্যুয়ারেজ ব্যবস্থা উন্নত করে দুর্গন্ধমুক্ত ও বাসযোগ্য নগরী গড়ে তোলা হবে। সরকার দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস হয়েছে; বিদ্যুৎ ও গ্যাসের সমস্যাগুলো সমাধানের দিকে যাচ্ছে এবং যেখানে সরকারের ব্যর্থতা রয়েছে, সেখানে জনগণের কাছে দুঃখ প্রকাশ ও ক্ষমা চাওয়া হচ্ছে। জনগণের দেওয়া দায়িত্বকে সম্মান করে আগামী পাঁচ বছর মানুষের জন্য প্রয়োজনীয় কাজ করে যেতে চাই।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার বলেন, ঢাকা মহানগরে প্রায় তিন কোটি মানুষের বাস। এখানে স্বাস্থ্যঝুঁকিও অনেক বেড়ে গেছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দিয়েছেন, ঢাকা শহরকে বাসযোগ্য করতে যা যা প্রয়োজন, তা করতে হবে। এরই অংশ হিসেবে আমরা মাঠপর্যায়ে কাজ করছি। একদিকে নদী-খাল ও জলাশয়ের দুই পাড় গাইডওয়াল দিয়ে বাঁধাই করা হবে, অন্যদিকে বৃক্ষরোপণের মাধ্যমে সৌন্দর্য বৃদ্ধি করা হবে। ময়লা-আবর্জনা যাতে নদীতে ফেলা না হয়, সে ব্যবস্থাও করা হবে। এগুলো সংগ্রহ করে নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে ট্রিটমেন্ট করা হবে। এ কাজে আমরা আপনাদের সহযোগিতা চাই। ইনশাআল্লাহ, খুব দ্রুতই এর সুফল আমরা দেখতে পাব।
ঢাকা-৯ আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, গত ১৫ বছর ধরে খালগুলো অবৈধভাবে দখল করা হয়েছে। যারা দখল করেছে, তাদের পরিচয় শুধু অবৈধ দখলদার। তাদের কোনো রাজনৈতিক পরিচয় দিয়ে বিবেচনা করার সুযোগ নেই। খালগুলো দখলমুক্ত করে আমরা এ এলাকার উন্নয়ন বাস্তবায়ন করতে চাই। ঢাকা-৯-এর মানুষের কাছে এবং প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের অংশ হিসেবে বাঁশের সাঁকোগুলোও আরসিসি সেতুতে রূপান্তরের কাজ এগিয়ে চলছে।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম, স্থানীয় সরকার বিভাগ সচিব মো. শহীদুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
টিআইএস