ঢাকার বারিধারা কূটনৈতিক এলাকায় নির্মাণশ্রমিক মেহেদী হাসান মিমকে গাড়িচাপায় মৃত্যুর ঘটনায় আটক কিশোর আজান আলী শরীফের জামিন আবেদনের শুনানি আগামী ৪ অক্টোবর অনুষ্ঠিত হবে। রোববার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮-এর বিচারক মো. আবদুল মোক্তাদির এ দিন ধার্য করেন।
আজানের পক্ষে আইনজীবীরা জামিনের আবেদন করলে আদালত শুনানির জন্য ৪ অক্টোবর দিন নির্ধারণ করেন। এর আগে একই আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দিয়েছিলেন।
জামিন আবেদনে বলা হয়, দুর্ঘটনার সময় আজান গাড়ির চালকের পাশের আসনে বসে ছিল। ফুটপাতে শুয়ে থাকা মেহেদীকে গাড়িটি চাপা দিলে তিনি নিহত হন। আবেদনে দাবি করা হয়, ঘটনাটি অনিচ্ছাকৃত। মেহেদী শ্রবণ ও বাক্প্রতিবন্ধী হওয়ায় গাড়ির হর্ন শুনেও দ্রুত সরে যেতে পারেননি। এ ছাড়া স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে মেহেদীর পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে ৯ লাখ টাকা দেওয়া হয়েছে বলেও আবেদনে উল্লেখ করা হয়।
তবে পুলিশ আদালতকে জানায়, সিসিটিভি ফুটেজে দুর্ঘটনার পর আজানকে চালকের দরজা দিয়ে গাড়ি থেকে বের হতে দেখা গেছে। তদন্ত কর্মকর্তা আদালতকে বলেন, প্রাথমিক তদন্তে ঘটনায় আজানের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে হেফাজতে রাখার আবেদনও করেন তিনি।
মেহেদীর বড় ভাই মো. মোক্তাদির ইসলাম গত ২৩ সেপ্টেম্বর গুলশান থানায় সড়ক পরিবহন আইনে মামলাটি করেন। মামলায় আকাশ মার্ক (৪৪)-কে বেপরোয়া গাড়ি চালিয়ে মেহেদীকে চাপা দিয়ে হত্যার অভিযোগে আসামি করা হয়েছে।
এসএস