কুমিল্লায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে অভিযান চালিয়ে আরও ২৫৪ জনকে আটক করেছে পুলিশ।
এর আগে একই ধরনের অভিযানে জেলার বিভিন্ন এলাকা থেকে ৬২৪ জনকে আটক করা হয়েছিল। দুই দফার অভিযানে মোট ৮৭৮ জনকে আটক করা হলো।
কুমিল্লা জেলা পুলিশের সব ইউনিট একযোগে এ অভিযান পরিচালনা করে। নগরীর বিভিন্ন স্থানসহ জেলার প্রতিটি থানার আওতাধীন কিশোর বয়সী বখাটেদের উৎপাত ও অপরাধপ্রবণ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।
আটক ব্যক্তিদের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই করা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী যাচাই শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান চালানো হয়। ওই অভিযানে ৬২৪ জনকে আটক করা হয়েছিল।
কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, আটক ব্যক্তিদের পূর্বের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি বলেন, কিশোর গ্যাং ও অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশের এ ধরনের অভিযান নিয়মিত চলবে।
আনোয়ার হোসাইন/এসএ