মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের বাড়বকুণ্ড হাই স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ‘মাদকমুক্ত সমাজ, আমাদের অঙ্গীকার’ প্রতিপাদ্যে কমিউনিটি পুলিশ, বাড়বকুণ্ড ইউনিয়নের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কমিউনিটি পুলিশের উপদেষ্টা জহুরুল আলম জহুর।
সমাবেশে বক্তারা বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য একটি মারাত্মক সামাজিক ব্যাধি। এর বিস্তার রোধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানই যথেষ্ট নয়; প্রয়োজন পরিবার ও সমাজের সম্মিলিত সচেতনতা এবং কার্যকর সামাজিক প্রতিরোধ।
বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার থেকেই সচেতনতা ও প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রমের পাশাপাশি জনসচেতনতা ও সামাজিক প্রতিরোধ আরও জোরদার করতে হবে। মাদক ব্যবসায়ী ও সরবরাহকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মাদকাসক্তদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পরিবার ও সমাজকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, মাদকসংক্রান্ত যেকোনো তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানালে মাদকবিরোধী কার্যক্রম আরও কার্যকর করা সম্ভব হবে। এ ক্ষেত্রে তথ্যদাতার পরিচয় গোপন রাখার বিষয়েও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে সন্তানদের চলাফেরা, বন্ধুত্ব ও দৈনন্দিন কর্মকাণ্ডের বিষয়ে অভিভাবকদের আরও সচেতন থাকার পরামর্শ দেন পুলিশ সুপার। সমাবেশে মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদার, তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখা, মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং মাদকবিরোধী আইন বাস্তবায়নে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বাত্মক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, কমিউনিটি পুলিশের সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
এম আর তাওহীদ/এসএ