জয়পুরহাটের পাঁচবিবিতে যাত্রীবাহী বাসের ধাক্কায় আকাশ হোসেন (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার দুপুরে পাঁচবিবি পৌর শহরের নাকরগাছি বিজনেস ম্যানেজমেন্ট স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটকের সামনে জয়পুরহাট-হিলি আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আকাশ জয়পুরহাট সদর উপজেলার মধুপুর গ্রামের মাছ ব্যবসায়ী মো. নজরুল ইসলামের ছেলে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে আকাশ মোটরসাইকেলে হিলির দিকে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা হিলি থেকে পাবনাগামী ‘সৌমিক পরিবহন’ নামে একটি বাস তাঁর মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে সড়কের পাশে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনায় মোটরসাইকেলটিও দুমড়েমুচড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আকাশকে উদ্ধার করে জয়পুরহাট ৪০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তামবিরুল ইসলাম জানান, দুর্ঘটনার পর বাসটি নিয়ে পালানোর চেষ্টা করেন চালক। পুলিশ ও স্থানীয় লোকজন ধাওয়া করলে চালক ও সহকারী বাসটি ফেলে পালিয়ে যান। পরে পুলিশ বাসটি জব্দ করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
শাহাদুল ইসলাম সাজু / এফএস