পূর্ব সুন্দরবনের পৃথক এলাকায় বনদস্যু মজনু বাহিনীর হাতে চার জেলে অপহৃত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার দিবাগত রাতে সুন্দরবনের নারিকেলবাড়িয়া, কালামেয়া ও আমবাড়িয়া এলাকায় এসব ঘটনা ঘটে বলে বন বিভাগ ও জেলে মহাজন সূত্রে জানা গেছে।
জেলেদের এক মহাজন নাম প্রকাশ না করার শর্তে জানান, শুক্রবার গভীর রাতে সাগরসংলগ্ন নারিকেলবাড়িয়া ও কালামেয়া এলাকায় মাছ ধরারত জেলেদের বহরে হামলা চালায় মজনু বাহিনী। এ সময় তারা তিন জেলেকে তুলে নিয়ে যায়। অপহৃতদের মধ্যে রিপন (২৬) ও ফরিদ (৩০) রয়েছেন। অপর জেলের নাম জানা যায়নি। তাদের বাড়ি কয়রা ও শরণখোলা এলাকায় বলে জানা গেছে।
একই রাতে সুন্দরবনের আমবাড়িয়া এলাকা থেকেও একটি নৌকা, পাঁচটি মুঠোফোন ও জেলেদের খাদ্যসামগ্রীসহ রিপন (২৮) নামে আরেক জেলেকে অপহরণ করা হয়। তাকে সুন্দরবনের অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান মোংলার মাছ ব্যবসায়ী ও জেলে মহাজন ইসমাইল হোসেন লিটন গাজী। অপহৃত রিপনের বাড়ি রামপালের পেড়িখালী গ্রামে।
জেলে মহাজন লিটন গাজী বলেন, এক রাতে চার জেলে অপহরণের ঘটনায় সুন্দরবনসংলগ্ন উপকূলীয় এলাকার জেলে ও মৎস্য ব্যবসায়ীদের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অপহৃত জেলেদের দ্রুত উদ্ধার এবং বনদস্যুদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের জেলেপল্লী দুবলা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মিল্টন রায় বলেন, নারিকেলবাড়িয়া ও কালামেয়া এলাকা থেকে তিন জেলে অপহরণের খবর তিনি পেয়েছেন। ঘটনা যাচাই ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সৈকত মোঃ সোহাগ / এফএস