ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভাড়াকৃত বাস 'শানে খোদার' ধাক্কায় আইন বিভাগের এক শিক্ষার্থীর পিতার মৃত্যু হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় লক্ষ্মীপুর বাজার সংলগ্ন এগারো মাইল নামক স্থানে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় মৃত ব্যক্তি হলেন আইন বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী লিখন ইসলামের পিতা মনোয়ার (৪৫)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের বাস ‘শানে খোদা’ দ্রুতগতিতে নিয়ম ভেঙে সড়ক বিভাজকের উল্টো দিক দিয়ে চলার সময় এ দুর্ঘটনা ঘটে। এ সময় ওই ব্যাক্তি মোটরসাইকেলে আরোহী ছিলেন।
এরপরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আব্দুর রউফ বলেন, আমাদের আইন বিভাগের এক শিক্ষার্থীর বাবা বিশ্ববিদ্যালয়ের এক বাস চাপায় নিহত হয়েছেন। একটি ভাড়া বাস তাকে চাপা দেয়। এ ঘটনায় ড্রাইভার বাসটি ফেলে পালিয়ে যায়।
তিনি আরও বলেন, আমি কুষ্টিয়া পরিবহন মালিক সমিতির সভাপতির সাথে কথা বলেছি। তিনি আমাকে বলেছেন যে, তারা ভিক্টিমের পরিবারের সাথে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে একটা ব্যবস্থা নিবেন। এটা যেহেতু ভাড়া করা বাস তাই বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী এখানে আমাদের কিছু করার নাই।
এসএ