জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেট এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীরা।
শনিবার রাতে এ ঘটনা ঘটে। আটক যুবকের নাম মো. সুমন খান মিরাজ। তিনি কবি নজরুল সরকারি কলেজ শাখা নিষিদ্ধ ছাত্রলীগের বর্তমান কমিটির সহ-সম্পাদক বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, দ্বিতীয় গেট এলাকায় অবস্থানকালে কয়েকজন শিক্ষার্থী ওই যুবককে মুঠোফোনে কারও সঙ্গে কথা বলতে শোনেন। তাদের দাবি, কথোপকথনে ককটেল ও ব্যানার-পোস্টার নিয়ে আসা এবং বিশ্ববিদ্যালয়ের আশপাশে সেগুলো ব্যবহারের বিষয়ে আলোচনা হচ্ছিল।
বিষয়টি নিয়ে শিক্ষার্থীরা তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করেন। পরে তাকে আটক করে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীদের কাছে নেওয়া হয়।
শিক্ষার্থীরা জানান, পরে তার মুঠোফোনে নিষিদ্ধ ছাত্রলীগের বিভিন্ন মিছিলের ছবি ও ভিডিও পাওয়া গেছে। তবে আটকের সময় তার কাছ থেকে কোনো অস্ত্র পাওয়া যায়নি বলে দাবি করা হয়েছে।
পরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীদের মাধ্যমে তাকে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আজম খান জানান, ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রসংগঠনের এক কর্মীকে আটকের খবর পাওয়ার পর তিনি পুলিশকে বিষয়টি জানান এবং পরে ওই ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটক সুমন খান মিরাজের স্থায়ী ঠিকানা পটুয়াখালীর বদরপুর বলে জানা গেছে। তবে তার পরিচয় ও সাংগঠনিক পদ সম্পর্কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এফএস