নওগাঁয় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ১১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কের বলিহার ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, আটক ব্যক্তিরা জেলার আত্রাই, রানীনগর, সাপাহার ও নিয়ামতপুর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। তাৎক্ষণিকভাবে তাদের পূর্ণাঙ্গ পরিচয় জানা যায়নি। স্থানীয় ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীদের সহযোগিতায় মিছিলের প্রস্তুতিকালে তাদের ঘেরাও করে আটকের পর পুলিশকে খবর দেওয়া হয়। পরে গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেন।
নওগাঁ জেলা ছাত্রদলের সদস্য সচিব তাজুল ইসলাম তাজ বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা নওগাঁয় জড়ো হচ্ছেন—এমন খবর পেয়ে ছাত্রদলের নেতাকর্মীরা বলিহার ব্রিজ এলাকায় অবস্থান নেন। পরে স্থানীয় বলিহার ও ভীমপুর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সহযোগিতায় তাদের আটক করা হয়।
নওগাঁ জেলা ডিবির ওসি হাসিবুল্লাহ হাবিব বলেন, খবর পেয়ে মিছিলের প্রস্তুতিকালে বলিহার ব্রিজ এলাকা থেকে ১১ জনকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তাদের কোনো নাশকতামূলক পরিকল্পনা ছিল কি না, তা জানতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
কেএইচ/এসএস