ডিজেল, পেট্রোল, কেরোসিন ও অকটেনের দাম বৃদ্ধির প্রতিবাদ, কৃষকদের জন্য সার সরবরাহ নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
শনিবার (২৬ সেপ্টেম্বর) গাইবান্ধা শহরের গানাসাস মার্কেটের সামনে আয়োজিত সমাবেশে জেলা সিপিবির সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল সভাপতিত্ব করেন। এতে বক্তব্য দেন সিপিবির কেন্দ্রীয় নেতা মিহির ঘোষ, জেলা সিপিবির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুরাদ জামান রব্বানী, সম্পাদকমণ্ডলীর সদস্য রেবতী বর্মন, কৃষক নেতা ছাদেকুল ইসলাম মাস্টার ও গোলাম রব্বানী মুসাসহ দলের নেতারা।
সমাবেশে বক্তারা বলেন, জ্বালানি তেলের দাম বাড়লে পরিবহন ব্যয় ও কৃষি উৎপাদন খরচ বাড়ে। এর প্রভাব পড়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারেও। তাই বর্ধিত জ্বালানি তেলের দাম প্রত্যাহারের পাশাপাশি কৃষকদের জন্য পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করার দাবি জানান তাঁরা। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবি জানান সিপিবির নেতারা।
সমাবেশ শেষে দলটির নেতা-কর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ১ নম্বর রেলগেট এলাকায় জেলা সিপিবির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
এসএস