ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নবীন আইনজীবীদের সিনিয়রদের কাজ অনুসরণের পরামর্শ মীর হেলালের
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪০ পিএম আপডেট: ২৬.০৯.২০২৬ ৬:৪৬ পিএম
X
Advertisement

নবীন আইনজীবীদের নিয়মিত আদালতে উপস্থিত থেকে সিনিয়র আইনজীবীদের কাজ অনুসরণ এবং পুরোনো মামলা ও রায় পড়ার পরামর্শ দিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অডিটোরিয়ামে নবীন আইনজীবীদের সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ পরামর্শ দেন।

মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, আইন পেশায় সফল হতে হলে নবীন আইনজীবীদের সিনিয়রদের কাছ থেকে হাতে-কলমে পেশাগত দক্ষতা অর্জন করতে হবে। এ পেশায় শৃঙ্খলা, সততা ও নিষ্ঠার কোনো বিকল্প নেই।

তিনি বলেন, আইন পেশায় প্রতিষ্ঠিত হতে নিয়মিত আদালতে আসতে হবে। কোনো মামলার কাজ না থাকলেও আদালতের কার্যক্রম, সিনিয়র আইনজীবীদের যুক্তি এবং মামলার শুনানি পর্যবেক্ষণ করতে হবে।

নবীন আইনজীবীদের সিনিয়রদের পুরোনো ও নিষ্পত্তি হওয়া মামলার নথি এবং রায় পড়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, কোন মামলায় কীভাবে যুক্তি উপস্থাপন করা হয়েছে এবং আদালত কোন বিষয় বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত দিয়েছেন, তা বোঝার চেষ্টা করতে হবে। নিয়মিত শেখার মাধ্যমে পেশাগত দক্ষতা বাড়ানো সম্ভব।

প্রতিমন্ত্রী বলেন, আইন পেশায় ডিসিপ্লিনের কোনো বিকল্প নেই। সততা ও নিয়ম-শৃঙ্খলা ছাড়া দীর্ঘমেয়াদে সফল হওয়া কঠিন। তাই অর্থের পেছনে না ছুটে পেশাগত দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। একজন আইনজীবী নিজেকে দক্ষ ও যোগ্য হিসেবে প্রতিষ্ঠিত করতে পারলে সাফল্য ও সম্মান এমনিতেই আসবে।

আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালনে সম্মানজনক ও পর্যাপ্ত কর্মপরিবেশের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি চেম্বার ও কাজের জায়গার সংকট নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

নবীন আইনজীবীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে মীর হেলাল বলেন, নিজেদের দক্ষ ও প্রতিষ্ঠিত আইনজীবী হিসেবে গড়ে তুলতে পারলে তারা যেমন উপকৃত হবেন, তেমনি সমাজও উপকৃত হবে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠায়ও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি তারিক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান এবং বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডহক কমিটির সদস্য ও সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী।

সমিতির পাঠাগার সম্পাদক তৌহিদ হোছাইন সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মঈনুদ্দীন।

-টিএস
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement