জয়পুরহাটের পাঁচবিবিতে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আকাশ মন্ডল (২৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১টার দিকে পাঁচবিবি-হিলি সড়কের বিএম কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আকাশ মন্ডল জয়পুরহাট সদর উপজেলার চকবরকত ইউনিয়নের মহদীপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে আকাশ মোটরসাইকেলে করে পাঁচবিবি থেকে হিলির দিকে যাচ্ছিলেন। বিএম কলেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাবনাগামী ‘সৌমিক পরিবহন’-এর একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয়ে সড়কে ছিটকে পড়েন আকাশ।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
পাঁচবিবি থানার ওসি (তদন্ত) মোকলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
-টিএস