ডেঙ্গুর সংক্রমণ নিয়ন্ত্রণে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নানামুখী কার্যক্রম বাস্তবায়ন করছে। মশার লার্ভা ও উড়ন্ত মশা নিয়ন্ত্রণ, জ্বরে আক্রান্তদের প্রাথমিক চিকিৎসা প্রদানের জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্প স্থাপন, পরিচ্ছন্নতা কার্যক্রমে জনবল বৃদ্ধি, ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ কেসিসির কর্মকর্তা-কর্মচারীদের এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ দিয়ে মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে শয্যা সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। কেসিসির সঙ্গে নগরীর বিভিন্ন সংগঠন যুক্ত হলে এ কার্যক্রম আরও ফলপ্রসূ হবে।
খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু আজ শনিবার সকালে নগরীর দৌলতপুরস্থ স্বেচ্ছাসেবী সংস্থা ‘সূচনা স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন’-এর কার্যালয়ে আয়োজিত জনসচেতনতামূলক র্যালির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। ‘‘ডেঙ্গু মুক্ত পরিবেশ গড়ি—সুস্থ সুন্দর জীবন গড়ি’’ স্লোগানে ফাউন্ডেশন কর্তৃপক্ষ পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করে।
প্রধানমন্ত্রীর কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে এ কর্মসূচির আয়োজন করায় প্রশাসক সংস্থার সঙ্গে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। তিনি ডেঙ্গু নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত পাড়া-মহল্লায় প্রতিদিন যতটুকু সময় পাওয়া যাবে, ততটুকু সময় পরিচ্ছন্নতা কার্যক্রমে সম্পৃক্ত থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
উদ্বোধন শেষে সংগঠনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর নেতৃত্বে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় তিনি র্যালি থেকে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।
সূচনা স্বাস্থ্য ও শিক্ষা ফাউন্ডেশনের সভাপতি মো. হামিমুর রহমান, অধ্যক্ষ মো. তারিকুল ইসলাম, কেসিসির ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা গাজী সালাউদ্দিন, অধ্যাপক জয়লাল আবেদিন, শেখ আনসার আলী, মোল্লা মুজিবুর রহমান, মো. হারুনুর রশিদ, এস এম আহাদুল হক টুটুল, সংগঠনের পরিচালনা পর্ষদের সদস্য জনাব আ. করিম বিশ্বাস, ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান মামুন, শিক্ষক মনিরুল ইসলাম, মো. জিয়াউর রহমান ও মো. মেছের আকুঞ্জিসহ ফাউন্ডেশনের সদস্যবৃন্দ ও এলাকাবাসী র্যালিতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. নুর আলম শান্ত।
পরে প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে হাজী ইসমাইল রোডস্থ পল্লীমঙ্গল সামছুল উলুম খাদেমুল ইসলাম মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এছাড়া তিনি মাদরাসা-সংলগ্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে চলমান ক্রাশ প্রোগ্রাম পরিদর্শন করেন।
সমাজসেবক নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, ইকবাল হোসেন খোকন, সরদার রবিউল ইসলাম রবি, মহিউদ্দিন টারজান, ইকবাল হোসেন, ইমরান হোসেনসহ মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
এসএস/আরএন