সবার সমন্বিত প্রচেষ্টায় ঢাকাকে একটি আধুনিক নগরীতে রূপান্তর করা সম্ভব বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে মতিঝিলে ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডে একযোগে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ‘ক্লিনিং ডে’ উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
নগরবাসীকে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আবদুস সালাম বলেন, বাসাবাড়ির ছাদে জমে থাকা পানি, ড্রেন ও রাস্তা-ঘাট পরিষ্কার রাখতে নাগরিক সচেতনতার বিকল্প নেই। নিজ নিজ দায়িত্বে জমে থাকা পানি পরিষ্কার করে ডেঙ্গু প্রতিরোধে ভূমিকা রাখতে হবে।
এ সময় জনভোগান্তি তৈরি হয় - এমন কোনো কর্মসূচি না দিতে বিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি। আবদুস সালাম বলেন, ‘একদফার হুমকি দিয়ে বিএনপিকে দমানো যাবে না। বিএনপি জনগণের দল।’
গণতন্ত্র প্রতিষ্ঠায় বর্তমান সরকার কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি গণতান্ত্রিক পরিবেশ নস্যাৎ না করে ধৈর্য ধরে সরকারকে সময় দেওয়ার আহ্বান জানান।
এ ছাড়া জাতিসংঘে বিশ্বের পাশাপাশি বাংলাদেশের বর্তমান বাস্তবতা তুলে ধরায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান ডিএসসিসি প্রশাসক।