ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
খুলনায় আ. লীগের মিছিল থেকে বিএনপি নেতার বাড়িতে গুলির অভিযোগ
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০১ পিএম
X
Advertisement

খুলনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে বিএনপি নেতার বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া, ইটপাটকেল নিক্ষেপ ও মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ উঠেছে। একই দিন জুমার নামাজের সময় নগরীর খালিশপুরে আওয়ামী লীগের ২০ থেকে ২৫ নেতাকর্মী ঝটিকা মিছিল করেছেন বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর টুটপাড়া মওলা বাড়ির সামনে ইসলামীয়া রোডে ২৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলমের বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ ওঠে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

মঞ্জুরুল আলমের দাবি, ঘটনার সময় তিনি বাসায় ছিলেন। বাইরে থেকে ২০-২৫ জনের একটি মিছিলের ‘জয় বাংলা’ স্লোগান শুনে তিনি ঘর থেকে বের হয়ে মিছিলটি দেখতে যান। এ সময় মিছিল থেকে এক ব্যক্তি তাকে সরে যেতে বলেন। পরে তিনি বাড়ির ভেতরে ঢোকার সময় মিছিল থেকে তার বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয়।

তিনি আরও অভিযোগ করেন, মিছিলকারীরা বাড়ির সামনে থাকা একটি মোটরসাইকেল ভাঙচুর করেন এবং বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করেন। তবে এ ঘটনায় তিনি শারীরিকভাবে আহত হননি।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বলেন, ২০ থেকে ২৫ জনের একটি দল হঠাৎ মিছিল বের করেছিল। খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনাস্থল থেকে চার-পাঁচটি ছোট ছোট শিশা উদ্ধার করা হয়েছে, যেগুলো ছররা গুলির অংশ হতে পারে বলে জানান তিনি। এ ঘটনায় বিএনপি নেতা মামলা করবেন বলেও জানান ওসি।

জুমার নামাজের সময় খালিশপুরে ঝটিকা মিছিল

এদিকে শুক্রবার দুপুর ১টা ৪০ মিনিটের দিকে খুলনার খালিশপুরে জুমার নামাজ চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২০ থেকে ২৫ জন নেতাকর্মী ঝটিকা মিছিল করেন।

পুলিশের তথ্যমতে, খালিশপুর থানা আওয়ামী লীগের উদ্যোগে খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইনস স্কুলের সামনে থেকে আনসার উদ্দিন সড়কের মুখ পর্যন্ত মিছিলটি বের করা হয়। এতে নেতৃত্ব দেন খালিশপুর থানা কৃষক লীগের সভাপতি রতন শেখ।

মিছিল চলাকালে পাশের একটি মসজিদে জুমার নামাজের খুতবা চলছিল। এ সময় মসজিদ থেকে কয়েকজন নামাজি মিছিলকারীদের সঙ্গে যোগ দেওয়ার চেষ্টা করেন। একই সময়ে স্থানীয় একটি চায়ের দোকানে থাকা কয়েকজন মোটরসাইকেল আরোহীও সেখানে আসেন।

পরে মসজিদে নামাজরত পুলিশ সদস্য ও স্থানীয় লোকজন মিছিলকারীদের ধাওয়া করলে তারা মিছিল সম্পন্ন না করেই দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপপুলিশ কমিশনার (উত্তর বিভাগ) সুদর্শন কুমার রায় বলেন, পুলিশের সক্রিয় ভূমিকার কারণে মিছিলকারীরা মিছিল সম্পন্ন করতে পারেননি। মিছিলকারীদের মধ্যে কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এসএস/আরএন
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement