ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
উপমহাদেশের সবচেয়ে আধুনিক গলফ বিনোদন কেন্দ্র: বসুন্ধরা সুপার গলফ
✎ স্পোর্টস রিপোর্টার
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৭ পিএম আপডেট: ২৫.০৯.২০২৬ ৬:২০ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

গলফকে ঘিরে নতুন ধরনের বিনোদন ও সামাজিক আয়োজনের সুযোগ নিয়ে যাত্রা শুরু করেছে বসুন্ধরা সুপার গলফ। বৃহস্পতিবার সন্ধ্যায় বসুন্ধরা আবাসিক এলাকায় জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের এসবিজির ব্যবস্থাপনা পরিচালক এমিল আহমেদ সোবহান উদ্বোধন করেন। এতে বক্তব্য দেন টিবিজির ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইব্রাহিম সোবহান। উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, এসবিজির চেয়ারম্যান সাফিয়াত সোবহান সানভীরসহ গ্রুপ ও সহযোগী প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা।

আয়োজকদের ভাষ্য, প্রচলিত গলফ খেলার অভিজ্ঞতার সঙ্গে আধুনিক প্রযুক্তি ও বিনোদনকে যুক্ত করাই বসুন্ধরা সুপার গলফের অন্যতম বৈশিষ্ট্য। এখানে শট দেওয়ার পর বল খুঁজতে মাঠে ছুটতে হবে না। স্বয়ংক্রিয় নেটওয়ার্কের মাধ্যমে বল চলে যাবে মাঠের নিচে থাকা সংগ্রহস্থলে। সেখানে মেশিনে পরিষ্কার হওয়ার পর পাইপলাইনের মাধ্যমে আবার খেলোয়াড়ের বে-তে ফিরে আসবে।

প্রতিষ্ঠানটির হেড অব অপারেশনস রেজাউর রহমান খান বলেন, পুরো প্রক্রিয়াটি স্বয়ংক্রিয় প্রযুক্তির মাধ্যমে পরিচালিত হয়। ফলে খেলোয়াড়দের সময় বাঁচবে এবং খেলার অভিজ্ঞতাও হবে আরও স্বাচ্ছন্দ্যের।

বসুন্ধরা সুপার গলফের মূল ধারণা ‘মোর দ্যান গলফ’। অর্থাৎ শুধু গলফ খেলার জায়গা হিসেবে নয়, পরিবার, বন্ধু ও করপোরেট অতিথিদের জন্য এটিকে একটি পূর্ণাঙ্গ বিনোদন ও সামাজিক যোগাযোগের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়েছে।

৬৮ ডিলাক্স বে ও ১৭ ভিআইপি সুইট

কেন্দ্রটিতে রয়েছে ৬৮টি ডিলাক্স বে। প্রথম ও দ্বিতীয় তলায় থাকা প্রতিটি বে-তে একসঙ্গে সর্বোচ্চ ছয়জন খেলতে পারবেন। খেলোয়াড়দের সহায়তায় থাকবে বে হোস্ট ও বে রানারের ব্যবস্থা। সকাল ৬টা থেকে রাত ২টা পর্যন্ত বিভিন্ন সময়ভিত্তিক ক্যাটাগরিতে এখানে গলফ খেলার সুযোগ রয়েছে।

তৃতীয় তলায় রয়েছে ১৭টি ভিআইপি সুইট। প্রতিটি সুইটে সর্বোচ্চ ১৬ জন সময় কাটাতে পারবেন। ব্যক্তিগত কক্ষের পাশাপাশি এখানে রয়েছে মিটিং ও প্রেজেন্টেশনের সুবিধা, সাওয়ার রুম এবং প্রিমিয়াম খাবারের ব্যবস্থা। ফলে করপোরেট সভা কিংবা ব্যক্তিগত আয়োজনেও এসব সুইট ব্যবহার করা যাবে।

এক অ্যাপে শটের হিসাব, ইনডোরে ২০৭ কোর্স

প্রযুক্তিনির্ভর নানা সুবিধাও যুক্ত করা হয়েছে এখানে। স্মার্ট অ্যাপের মাধ্যমে খেলোয়াড়রা নিজেদের শটের তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণ করতে পারবেন। পাশাপাশি সেরা শটের রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার সুযোগও রয়েছে।

চারটি অত্যাধুনিক ইনডোর সিমুলেটরের মাধ্যমে বিশ্বের ২০৭টি বিখ্যাত গলফ কোর্সের অভিজ্ঞতা নেওয়া যাবে। এর মধ্যে রয়েছে স্কটল্যান্ডের ঐতিহ্যবাহী সেন্ট অ্যান্ড্রুস কোর্সও। ইনডোর ব্যবস্থায় বিভিন্ন ভূপ্রকৃতির অনুকরণ এবং পাটিং অনুশীলনের সুবিধা রাখা হয়েছে। নতুনদের জন্য কোচের মাধ্যমে গলফ শেখার ব্যবস্থাও রয়েছে।

গলফের বাইরে খাবার ও বিনোদন

গলফের পাশাপাশি দর্শনার্থীদের জন্য রয়েছে খাবার, আড্ডা ও বিনোদনের নানা আয়োজন। ইউরোপীয় গলফ সংস্কৃতির ১৮ হোলের পরের আড্ডার ধারণা থেকে তৈরি করা হয়েছে ‘নাইনটিনথ হোল’ রেস্টুরেন্ট।

এ ছাড়া আন্তর্জাতিক খাবারের স্বাদ দিতে রয়েছে ক্যাফে অ্যামাজন, টেরা চায়না ও আরবান ক্রেভ। টেরা চায়নায় চাইনিজ ও জাপানিজ খাবারের ব্যবস্থা রয়েছে। পাশাপাশি রয়েছে তিনটি বিলিয়ার্ড টেবিল, পাঁচটি মিটিং রুম এবং সামাজিক আয়োজনের জন্য ব্যানকুইট হল।

শিশুদের জন্য কিডস ক্লাব

পরিবার নিয়ে আসা অতিথিদের কথা মাথায় রেখে রাখা হয়েছে কিডস ক্লাব। সেখানে শিশুদের জন্য নিরাপদ ও সামাজিক পরিবেশে সময় কাটানো, খেলাধুলা ও জন্মদিনের আয়োজনের সুযোগ রয়েছে। জরুরি প্রয়োজনে তাৎক্ষণিক স্বাস্থ্যসেবার জন্য কমপ্লেক্সে রয়েছে একটি মেডিকেল রুমও।

মেম্বারশিপে নানা সুবিধা

নিয়মিত গলফারদের জন্য বসুন্ধরা সুপার গলফে রয়েছে প্লাটিনাম ও প্লাটিনাম প্লাস মেম্বারশিপ। প্লাটিনামের বার্ষিক ফি ২ লাখ টাকা এবং প্লাটিনাম প্লাসের ফি ৫ লাখ টাকা। এসব মেম্বারশিপে আনলিমিটেড প্লে, খাবার ও বিভিন্ন ইভেন্টে বিশেষ ছাড়সহ একাধিক সুবিধা দেওয়া হবে। পাশাপাশি করপোরেট ও ফ্যামিলি প্যাকেজও রাখা হয়েছে।

প্রতিষ্ঠানটির কর্মকর্তারা বলছেন, প্রযুক্তি, খেলাধুলা, খাবার ও বিনোদনের সমন্বয়ে বসুন্ধরা সুপার গলফকে একটি বহুমুখী সামাজিক ও ব্যবসায়িক নেটওয়ার্কিং স্পেস হিসেবে গড়ে তোলার লক্ষ্য রয়েছে।

Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement