কুমিল্লার হোমনা থেকে ট্রলারে করে সোনারগাঁয়ের বৈদ্যেরবাজারে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় রায়েসা আক্তার (৫০) নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একই পরিবারের চারজন নিখোঁজ রয়েছেন।
নিহত রায়েসা আক্তার উপজেলার শ্রীমদ্দি গ্রামের প্রয়াত আক্কাস মিয়ার মেয়ে।
নিখোঁজরা হলেন শ্রীমদ্দি গ্রামের অটোরিকশাচালক হেলাল মিয়া (৪৫), তার দুই ছেলে শামীম (১৭) ও সজীব (৭) এবং মেয়ে সামিয়া (১৪)।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি সোনারগাঁ-সংলগ্ন মেঘনা নদীতে ডুবে যায়। ট্রলারে থাকা যাত্রীরা সোনারগাঁয়ের বৈদ্যেরবাজারে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন।
এদিকে ট্রলারডুবির ঘটনায় নিহত ও নিখোঁজদের বাড়িতে চলছে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।
মোঃ কামাল হোসেন /এফএস