সরকারি প্রজ্ঞাপন জারির আগেই ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগে ছাত্রদের বাধার পর উৎসব ও বন্ধন পরিবহনের বাস চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৫টার পর থেকে এ দুই পরিবহনের বাস চলাচল বন্ধ রয়েছে।
এর আগে দুপুরে চাষাঢ়া ও নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালে অতিরিক্ত ভাড়া আদায় নিয়ে ছাত্র ফেডারেশনের নেতাকর্মীদের সঙ্গে বাস কাউন্টারের কর্মীদের বাকবিতণ্ডা হয়।
জানা গেছে, ঢাকা-নারায়ণগঞ্জ রুটে নন-এসি বাসের ভাড়া ৫৫ টাকা থেকে বাড়িয়ে ৬০ টাকা এবং শিক্ষার্থীদের হাফ ভাড়া ৪০ টাকা করার অভিযোগ উঠেছে। তবে এ বিষয়ে এখনো কোনো সরকারি প্রজ্ঞাপন জারি হয়নি বলে দাবি করেছে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম, গণসংহতি আন্দোলন ও ছাত্র ফেডারেশনসহ বিভিন্ন সংগঠন। তারা সাধারণ যাত্রীদের জন্য ৫৫ টাকা এবং শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ ৩০ টাকা ভাড়া নির্ধারণের দাবি জানিয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ছাত্র ফেডারেশনের নেতাকর্মীরা চাষাঢ়া ও কেন্দ্রীয় বাস টার্মিনালের বিভিন্ন কাউন্টারে গিয়ে ৫৫ টাকার বেশি ভাড়া না নিতে আহ্বান জানান। এ সময় উৎসব ও বন্ধন পরিবহনের কাউন্টারকর্মীদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। ছাত্র ফেডারেশনের নেতাকর্মীদের দাবি, প্রতিবাদ জানালে বাস কর্তৃপক্ষ কিছু সময়ের জন্য কাউন্টার বন্ধ করে দেয়। পরে শিক্ষার্থীদের উপস্থিতিতে সাধারণ যাত্রীদের কাছ থেকে ৫৫ টাকা এবং শিক্ষার্থীদের কাছ থেকে ৩০ টাকা ভাড়া নিয়ে কয়েকটি বাস গুলিস্তানের উদ্দেশে ছেড়ে যায়।
সংগঠনগুলোর নেতারা জানান, গত দুই দিন ধরে তারা নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবিরের কাছে স্মারকলিপি দিয়ে সরকারি নির্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায় বন্ধের দাবি জানিয়ে আসছেন। একই সঙ্গে শিক্ষার্থীদের সপ্তাহে সাত দিন শর্তহীন হাফ পাস চালুর দাবি জানানো হয়েছে।
ছাত্র ফেডারেশনের নেতাকর্মীরা অভিযোগ করেন, অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদ করায় বাস মালিকপক্ষের লোকজন তাদের ‘দেখে নেওয়া’ এবং নারায়ণগঞ্জ অচল করে দেওয়ার হুমকি দিয়েছেন। তবে এ অভিযোগের বিষয়ে বাস মালিক বা সংশ্লিষ্ট পরিবহন কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
বিকেল ৫টার পর উৎসব ও বন্ধন পরিবহনের বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ঢাকা-নারায়ণগঞ্জ রুটের যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে বাস চলাচল বন্ধের বিষয়ে পরিবহন কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
শরীফ সুমন/এসএস