নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে একটি ট্রলার ডুবে রাশিদা নামে এক নারী মারা গেছেন। এ ঘটনায় একই পরিবারের চারজন নিখোঁজ রয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার বৈদ্যের বাজারের সোনাময়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজরা হলেন হেলাল, তার ছেলে সজিব এবং দুই মেয়ে সামিয়া ও সামিন।
স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লার শ্রীমন্দী গ্রাম থেকে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গরু-ছাগলসহ ১৩ জন ট্রলারে করে সোনারগাঁয়ের বৈদ্যের বাজারের দিকে আসছিলেন। মেঘনা নদীর মাঝপথে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি উল্টে যায়। এ সময় আটজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। পরে স্থানীয়রা রাশিদাকে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে নিখোঁজদের উদ্ধারে তল্লাশি শুরু করেছে। সন্ধ্যা নেমে আসা ও নদীতে স্রোত থাকায় উদ্ধারকাজে কিছুটা সমস্যা হচ্ছে।
শরীফ সুমন /এসএফ