রাজধানীর কারওয়ান বাজারে মেট্রোরেল স্টেশনের নিচে এক পথচারীকে উপর্যুপরি ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেলে এ ঘটনার পর আহত অবস্থায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে কারওয়ান বাজার মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তি ও আটক ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, এক ব্যক্তির সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এতে একজন গুরুতর আহত হন। পরে আহত অবস্থাতেই তিনি অপর ব্যক্তিকে ধরে ফেলেন। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এসে ওই ব্যক্তিকে মারধর করে পুলিশে খবর দেন।
ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, রক্তাক্ত এক ব্যক্তি অপর একজনকে মারধর করছেন। তাঁর পিঠে ছুরিকাঘাতের চিহ্ন এবং পরনের জামা ছেঁড়া ছিল। এ সময় আশপাশে থাকা আরও কয়েকজনকে অপর ব্যক্তিকে মারধর করতে দেখা যায়।
ঘটনার বিষয়ে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুনিরুজ্জামান বলেন, ‘ছিনতাইকারী বলবো না, যাকে মারধর করা হয়েছে তিনি মাদকসেবী। এ ঘটনায় ওই ব্যক্তিকে আটক করা হয়েছে।’
ওসি জানান, ছুরিকাঘাতে আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কথা কাটাকাটির একপর্যায়ে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িতদের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।
এসএস