ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মেহেরপুরে হু হু করে বাড়ছে অ্যানথ্রাক্স
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩৮ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

মেহেরপুরে অসুস্থ পশু জবাই ও মাংস নাড়াচাড়া থেকে বাড়ছে অ্যানথ্রাক্সের সংক্রমণ। চলতি বছরে গাংনী উপজেলায় ৪১২ জন আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। আক্রান্তদের সবাই উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।

অসুস্থ পশুর মাংস স্পর্শের পর হাতে জ্বালাপোড়া, ফোস্কা ও ক্ষত সৃষ্টি হয়ে অনেকেই আক্রান্ত হচ্ছেন। এ অবস্থায় রোগীদের দ্রুত হাসপাতালে যাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। প্রাণিসম্পদ বিভাগ বলছে, পর্যাপ্ত টিকা ও জনবল সংকটে রোগটি নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে।

মেহেরপুর গাংনী উপজেলার বাউট গ্রামের বাসিন্দা রবিউল ইসলাম (৫২)। ১৫ দিন আগে একটি ছাগল জবাই করেন তিনি। মাংস নাড়াচাড়া করার পরপরই তার হাতের কবজিতে শুরু হয় জ্বালাপোড়া। পরদিন কবজিতে ফোস্কা পড়ে যায়। হাসপাতালে গিয়ে চিকিৎসকের পরামর্শ নিলে জানতে পারেন, তিনি অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছেন।

উপজেলার দেবিপুর গ্রামের আবুল কালামের মেয়ে সাথি খাতুন (২৫)। গত ১৮ আগস্ট ফ্রিজ থেকে মাংস বের করে রান্না করেন। মাংস নাড়াচাড়ার পরপরই তার দুই হাতে শুরু হয় জ্বালাপোড়া। পরদিন হাতে ফোস্কা পড়ে যায়। পরে হাসপাতালে গিয়ে জানতে পারেন, তিনিও অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছেন।

সাথি খাতুনের মতো গাংনী উপজেলার বিভিন্ন গ্রামের অনেক মানুষ অসুস্থ গবাদিপশুর মাংস জবাই, কাটা, পরিষ্কার ও রান্নার প্রস্তুতির সময় সংস্পর্শে এসে অ্যানথ্রাক্সে আক্রান্ত হচ্ছেন। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরে মেহেরপুর জেলায় ৪১২ জন অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের সবাই গাংনী উপজেলার বাসিন্দা।

‘অ্যানথ্রাক্স মূলত ব্যাসিলাস অ্যানথ্রাসিস নামের ব্যাকটেরিয়ার কারণে হয়। আক্রান্ত গরু, ছাগল, মহিষ বা ভেড়ার শরীর থেকে মানুষের মধ্যে জীবাণু ছড়াতে পারে। বিশেষ করে আক্রান্ত পশুর চামড়া, রক্ত, মাংস বা অন্যান্য টিস্যুর সংস্পর্শে এলে মানুষের শরীরে সংক্রমণ হতে পারে। মাটিতেও এ জীবাণুর স্পোর দীর্ঘদিন থাকতে পারে’

উপজেলার বাউট, দেবিপুর, সাহার বাটি, তিরাইল, দুর্লভপুর, সাহেবপুর, কাজীপুর, বামুন্দি, ছাতিয়ান ও রায়পুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে ছড়িয়ে পড়েছে ব্যাকটেরিয়াজনিত এই রোগ। আক্রান্তদের অনেকেই স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন। আবার কারও অবস্থা জটিল হলে যেতে হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

স্থানীয়দের অভিযোগ, অসুস্থ পশু জবাই এবং সেই পশুর মাংস বাজারে বিক্রি বন্ধে কার্যকর নজরদারি না থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে। একই সঙ্গে গবাদিপশুর পর্যাপ্ত টিকা না পাওয়ার অভিযোগও রয়েছে তাদের।

গাংনী উপজেলার শাহনাজ খাতুন জানান, তার স্বামী বাজার থেকে গরুর মাংস কিনে বাড়িতে আনেন। রান্নার জন্য মাংস প্রস্তুত করার সময় তার দুই হাতের আঙুলে জ্বালাপোড়া শুরু হয়। পরে ফোস্কা পড়ে ক্ষত তৈরি হয়। চিকিৎসকের কাছে গিয়ে জানতে পারেন, তিনি অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছেন।

বাউট গ্রামের পলি খাতুনও একইভাবে আক্রান্ত হন। অ্যানথ্রাক্সের উপসর্গ নিয়ে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা নিতে গেলে পরীক্ষায় তার শরীরে রোগটি শনাক্ত হয়। পরে তাকে প্রায় ২০ দিন চিকিৎসা নিতে হয়।

ভোমরদহ গ্রামের বাসিন্দা নাজমুল হোসেন। বাজার থেকে গরুর মাংস কিনে বাড়িতে নিয়ে এসে নাড়াচাড়া করার পর তার শরীরে প্রথমে ক্ষত সৃষ্টি হয়। পরে পরীক্ষা করে অ্যানথ্রাক্স শনাক্ত হয়।

একই উপজেলার গাড়াডোব গ্রামের সাদিকুর বাজার থেকে কেনা গরুর মাংস নাড়াচাড়া করার পর অ্যানথ্রাক্সে আক্রান্ত হন।

গাংনী উপজেলার তহবাজারের মাংস বিক্রেতা জবান মণ্ডল জানান, গরু বা ছাগলের মাংস কাটার সময় বেশিরভাগ ব্যবসায়ী খালি হাতে কাজ করেন। তার ভাষ্য, এভাবে কাজ করতে গিয়ে বেশ কয়েকজন অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন।

চিকিৎসকদের মতে, অ্যানথ্রাক্স মূলত ব্যাসিলাস অ্যানথ্রাসিস নামের ব্যাকটেরিয়ার কারণে হয়। আক্রান্ত গরু, ছাগল, মহিষ বা ভেড়ার শরীর থেকে মানুষের মধ্যে জীবাণু ছড়াতে পারে। বিশেষ করে আক্রান্ত পশুর চামড়া, রক্ত, মাংস বা অন্যান্য টিস্যুর সংস্পর্শে এলে মানুষের শরীরে সংক্রমণ হতে পারে। মাটিতেও এ জীবাণুর স্পোর দীর্ঘদিন থাকতে পারে।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মাসুদুর রহমান জানান, শরীরে কোনো ক্ষত, ঘা বা চামড়ার সমস্যা থাকলে অ্যানথ্রাক্সের জীবাণু সেই ক্ষত দিয়ে দ্রুত শরীরে প্রবেশ করতে পারে। তবে মাংস ভালোভাবে রান্না করলে জীবাণুর কার্যকারিতা নষ্ট হয়ে যায়।

তিনি বলেন, গবাদিপশুর মাংস নাড়াচাড়া করার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। সম্ভব হলে হাতে গ্লাভস ব্যবহার করতে হবে। মাংস ধরার পর ভালোভাবে হাত পরিষ্কার করতে হবে। শরীরে ফোস্কা, কালচে ক্ষত, জ্বালাপোড়া বা অস্বাভাবিক কোনো ক্ষত দেখা দিলে গ্রাম্য চিকিৎসক বা কবিরাজের কাছে না গিয়ে দ্রুত হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন তিনি।

তবে শুধু মানুষের চিকিৎসা নয়, অ্যানথ্রাক্স নিয়ন্ত্রণে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো গবাদিপশুর রোগ প্রতিরোধ। এক্ষেত্রে পর্যাপ্ত টিকা নিশ্চিত করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

গবাদিপশুকে শতভাগ টিকাদানের আওতায় আনা গেলে অ্যানথ্রাক্সের প্রাদুর্ভাব অনেকটাই কমানো সম্ভব বলে মনে করেন গাংনী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আরিফুল ইসলাম।

তিনি জানান, উপজেলা পর্যায়ে ৩০ হাজার অ্যানথ্রাক্সের টিকা এসেছে। এর মধ্যে প্রায় ২০ হাজার গবাদিপশুকে টিকা দেওয়া হয়েছে।

তবে লোকবল সংকট ও পর্যাপ্ত টিকা সরবরাহ না থাকায় সব গবাদিপশুকে টিকার আওতায় আনা সম্ভব হচ্ছে না বলে জানান এই চিকিৎসক। তার মতে, পর্যাপ্ত টিকা সরবরাহ ও নিয়মিত টিকাদান নিশ্চিত করা গেলে রোগটির বিস্তার নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

মেহেরপুরের সিভিল সার্জন ডা. একেএম আবু সাঈদ জানান, অ্যানথ্রাক্স চামড়ায় দেখা দিলেও ফুসফুস ও খাদ্যনালী আক্রান্ত হলে মৃত্যুর ঝুঁকি থাকে। তাই সামাজিক সচেতনতা তৈরির মাধ্যমে রোগটি নিয়ন্ত্রণ করতে হবে।

তিনিও আরও বলেন, কোনো গবাদিপশু হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বা অস্বাভাবিকভাবে মারা গেলে সেটি জবাই করে মাংস খাওয়া কিংবা বিক্রি করা উচিত নয়। একই সঙ্গে মৃত বা অসুস্থ পশুর শরীর খালি হাতে স্পর্শ না করে সংশ্লিষ্ট প্রাণিসম্পদ কর্মকর্তাদের জানানো প্রয়োজন।

টিআইএস
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement