এশিয়ান গেমসে ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে উঠেছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। ১০.৪৯ সেকেন্ড সময় নিয়ে সেরা ২৪ জনের মধ্যে ২২তম হয়ে পরবর্তী পর্বের টিকিট নিশ্চিত করেছেন তিনি।
১০০ মিটার স্প্রিন্টে মোট ছয়টি হিট অনুষ্ঠিত হয়। ইমরানুর ছিলেন পঞ্চম হিটে। সাতজন অ্যাথলেটের এই হিটে তাঁর সঙ্গে ছিলেন মালদ্বীপের দক্ষিণ এশিয়ার দ্রুততম মানব হাসান সাঈদ। পাঁচ নম্বর লেনে দৌড়ান ইমরানুর।
প্রতিটি হিটের প্রথম তিনজন সরাসরি সেমিফাইনালে জায়গা পান। এর বাইরে ছয় হিটের সেরা ছয় টাইমিংধারী অ্যাথলেটও পরবর্তী পর্বে ওঠেন। নিজের হিটে ১০.৪৯ সেকেন্ড সময় নিয়ে চতুর্থ হন ইমরানুর। তৃতীয় হওয়া তাইপের অ্যাথলেটের টাইমিং ছিল ১০.৩৮ সেকেন্ড।
ইমরানুরের ক্যারিয়ার সেরা টাইমিং ১০.১১ সেকেন্ড। চলতি মৌসুমে তাঁর সেরা টাইমিং ১০.২৪ সেকেন্ড। তবে এদিন নিজের সেরা সময়ের কাছাকাছি যেতে পারেননি তিনি।
হিটে সেরা তিনে না থাকলেও ছয় হিট মিলিয়ে সেরা টাইমিংধারী ছয়জনের একজন হিসেবে সেমিফাইনালে জায়গা করে নেন বাংলাদেশের এই স্প্রিন্টার। ১০০ মিটারে তাঁর সময় ১০.৪৯ সেকেন্ড, যা তাঁকে ২৪ জনের মধ্যে ২২তম অবস্থানে রেখেছে।
এসএস