বাংলাদেশের চুক্তিবদ্ধ পুরুষ ও নারী ক্রিকেটাররা এবার ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (ডব্লিউসিএ) বৈশ্বিক বাণিজ্যিক কর্মসূচির আওতায় এসেছেন। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।
বিশ্বের শীর্ষ ১৯টি ক্রিকেট খেলুড়ে দেশের মধ্যে ১৭টি দেশের আন্তর্জাতিক ক্রিকেটারদের সঙ্গে বাংলাদেশের ক্রিকেটাররাও এই কর্মসূচিতে যুক্ত হয়েছেন।
ক্রিকেটারদের নাম, ছবি, শারীরিক অবয়ব এবং অন্যান্য বাণিজ্যিক অধিকারের সম্মিলিত সুরক্ষা নিশ্চিত করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। এর মাধ্যমে ক্রিকেটারদের জন্য আয়ের নতুন সুযোগও তৈরি হবে। বিশেষ করে বিশ্বব্যাপী লাইসেন্সপ্রাপ্ত পণ্যসংশ্লিষ্ট সুবিধা পাওয়ার সুযোগ থাকছে।
এদিকে, ডব্লিউসিএর পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন। ডব্লিউসিএ বোর্ডে বিশ্বের অন্যান্য খেলোয়াড় সংগঠনের নেতা ও স্বতন্ত্র পরিচালকদের সঙ্গে তিনি কাজ করবেন।
মিঠুনের এই নিয়োগের ফলে বৈশ্বিক পর্যায়ে ক্রিকেটারদের প্রতিনিধিত্বকারী সর্বোচ্চ পর্ষদে বাংলাদেশের খেলোয়াড়দের প্রতিনিধিত্ব নিশ্চিত হয়েছে। একই সঙ্গে বৈশ্বিক পর্যায়ে ক্রিকেটারদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে অবদান রাখার সুযোগও তৈরি হয়েছে বাংলাদেশের।
ডব্লিউসিএর নেতৃত্বে রয়েছেন চেয়ারপারসন হিথ মিলস, সভাপতি লিসা স্থালেকার, প্রধান নির্বাহী কর্মকর্তা টম মফাট, স্বতন্ত্র পরিচালক সানা মীর এবং ডব্লিউসিএ এশিয়ার আঞ্চলিক প্রধান ইমরান আহমেদ খান।
টিআইএস