এক বছরের মধ্যে বিসিএস পরীক্ষা শেষ করার লক্ষ্য নিয়ে কাজ করছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এরই মধ্যে ৫১তম বিসিএসের আনুষ্ঠানিক প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) প্রকাশিত প্রজ্ঞাপনে জানানো হয়েছে, চিকিৎসক নিয়োগে বিশেষ বিসিএস হিসেবে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পিএসসি সূত্র জানায়, সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসক সংকট নিরসনে বিশেষ বিসিএসের মাধ্যমে ৫ হাজার চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নেয় সরকার। এ জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের চাহিদাপত্র ও নির্দেশনা পিএসসিতে পাঠানো হয়।
পিএসসির জনসংযোগ কর্মকর্তা মতিউর রহমান বলেন, চাহিদাপত্র পাওয়ার পর কমিশন দ্রুত প্রয়োজনীয় দাপ্তরিক কাজ ও বোর্ড সভার পর্যালোচনা শেষ করে। সাধারণ বিসিএসের প্রজ্ঞাপন তৈরির আগেই বিশেষ বিসিএসের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ায় এটিকে ৫১তম বিসিএস হিসেবে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
৫১তম বিশেষ বিসিএসের মাধ্যমে মোট ৫ হাজার চিকিৎসককে ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ৪ হাজার ৭০০ জন সহকারী সার্জন বা মেডিক্যাল অফিসার এবং ৩০০ জন ডেন্টাল সার্জন পদে নিয়োগ পাবেন।
পিএসসি সূত্রে জানা গেছে, এই বিশেষ বিসিএসে দীর্ঘ লিখিত পরীক্ষার প্রক্রিয়া থাকবে না। ২০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা এবং ১০০ নম্বরের মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। দ্রুত পরীক্ষা ও ফল প্রকাশের মাধ্যমে চিকিৎসকদের সরকারি হাসপাতালগুলোতে পদায়নের পরিকল্পনা রয়েছে।
৫২তম সাধারণ বিসিএস কবে?৫১তম বিসিএস বিশেষ হিসেবে প্রকাশ পাওয়ায় সাধারণ ক্যাডারপ্রত্যাশীদের নজর এখন ৫২তম বিসিএসের দিকে। পিএসসির পূর্বঘোষিত বিসিএস ক্যালেন্ডার অনুযায়ী, ২০২৬ সালের নভেম্বর মাসে ৫২তম সাধারণ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের পরিকল্পনা রয়েছে।
বর্তমানে ৫০তম বিসিএসের ক্যাডার ও নন-ক্যাডার পদের মৌখিক পরীক্ষা চলছে। নভেম্বরের মধ্যে ৫০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের প্রস্তুতি নিচ্ছে কমিশন। এরপর বা এর সঙ্গে সামঞ্জস্য রেখে নভেম্বরেই ৫২তম সাধারণ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।
-টিএস