পরিবেশবান্ধব শিল্পায়ন ও প্রযুক্তিনির্ভর উদ্যোগে অর্থায়নের পরিধি বাড়াতে বাংলাদেশ ব্যাংকের সাথে দুটি পৃথক পুনঃঅর্থায়ন চুক্তিতে স্বাক্ষর করেছে এনসিসি ব্যাংক।
এ চুক্তির ফলে ‘গ্রিন ফ্যাক্টরি বিল্ডিং এবং গ্রিন ইন্ডাস্ট্রি খাতে পুনঃঅর্থায়ন স্কিম’ এবং ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে উন্নয়নকল্পে পুনঃঅর্থায়ন স্কিম’-এর আওতায় ঋণ ও পুনঃঅর্থায়ন সুবিধা প্রদান করবে ব্যাংকটি। উভয় স্কিমের মোট তহবিলের পরিমাণ ধরা হয়েছে ১,০০০ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন এবং বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক এ কে এম নূরুন্নবী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে এনসিসি ব্যাংকের ইভিপি ও সাসটেইনেবল অ্যান্ড উইমেনস ব্যাংকিং বিভাগের প্রধান নিঘাত মমতাজসহ উভয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই পুনঃঅর্থায়ন সুবিধার আওতায় নতুন গ্রিন ফ্যাক্টরি তৈরি, পরিবেশবান্ধব শিল্প অবকাঠামো নির্মাণ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিনির্ভর (আইসিটি) উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ সহায়তা দেওয়া সম্ভব হবে। একই সাথে বিদ্যমান শিল্পপ্রতিষ্ঠানগুলোকে তুলনামূলক পরিবেশবান্ধব ও সম্পদ-দক্ষ উৎপাদন ব্যবস্থায় রূপান্তর করতেও এই অর্থায়ন কার্যকর ভূমিকা রাখবে।
এনসিসি ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, এই উদ্যোগ ব্যাংকের টেকসই অর্থায়ন কাঠামোকে আরও শক্তিশালী করবে। একই সাথে শিল্পখাতে কার্বন নিঃসরণ কমানো ও পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দেশের শিল্পায়নে টেকসই ও সবুজ প্রবৃদ্ধির ধারা ত্বরান্বিত করবে।