রাঙামাটিতে কোতোয়ালি থানা ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী ও পরোয়ানাভুক্ত আসামিসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব ও কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক দল অভিযানে অংশ নেয়।
পুলিশ জানায়, অভিযানে রহমতপুরের বাসিন্দা ও বর্তমানে রাঙামাটি শহরের পাবলিক হেলথ এলাকায় বসবাসকারী মো. রফিকুল ইসলাম (২৭) এবং একই এলাকার কুদ্দুস আলীকে (২৮) মাদক কারবারের অভিযোগে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া পুরাতন পুলিশ লাইন্স এলাকার মো. সেকুল ইসলামকে (৪৫) জিআর পরোয়ানামূলে গ্রেপ্তার করা হয়েছে।
অন্যদিকে, মাদক সেবনের অভিযোগে মো. শরীফ (৩০), মো. মিজানুর রহমান (৩০), মো. শওকত হোসেন ওরফে বিল্লাল (২৮), মো. মামুন আলম (৩৫) এবং মো. হাসানকে (৩০) গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে শরীফ, মিজানুর, বিল্লাল ও মামুনকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এবং হাসানকে কোতোয়ালি থানা পুলিশ গ্রেপ্তার করে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যদের বিরুদ্ধেও আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।
-টিএস