
সংগৃহীত ছবি
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের কথা ভেবেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে জাতীয় দলকে আরও সাফল্য এনে দেওয়ার সামর্থ্য এখনো আছে। এমন বিশ্বাস থেকেই সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন পর্তুগিজ এই তারকা।
২০২৬ বিশ্বকাপই তাঁর শেষ বিশ্বকাপ হবে বলে আগেই জানিয়েছেন ৪১ বছর বয়সী রোনালদো। বিশ্বকাপের পর জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর কথাও ভেবেছিলেন তিনি। তবে পর্তুগালের কোচ হোর্হে জেসুস ও দলের সভাপতির সঙ্গে আলোচনার পর আরও কিছুদিন খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আল-নাসর ফরোয়ার্ড।
বৃহস্পতিবার লিসবনে ওয়েলসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে পর্তুগালের নেশন্স লিগ অভিযান। ম্যাচটি রোনালদোর জন্যও বিশেষ। পর্তুগালের জার্সিতে এটি হতে যাচ্ছে তাঁর ২৩৪তম ম্যাচ।
এরই মধ্যে ক্যারিয়ারে ১ হাজার গোলের মাইলফলক ছোঁয়ার লক্ষ্যও সামনে রেখেছেন রোনালদো। সেই মাইলফলক থেকে আর মাত্র ২১ গোল দূরে তিনি।
অবসরের ভাবনা নিয়ে এক সাক্ষাৎকারে রোনালদো বলেন, “হ্যাঁ, আমি ভেবেছিলাম। আমি সব সময় আমার সিদ্ধান্ত, ভবিষ্যৎ ও বর্তমান নিয়ে ভাবি।”
তবে জাতীয় দলের হয়ে অবদান রাখার সামর্থ্য এখনো নিজের মধ্যে দেখেন তিনি।
“আমি এখনো বিশ্বাস করি, জাতীয় দলকে তাদের লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করতে পারি। শুধু গোল দিয়ে নয়, মাঠের বাইরেও আমি দলকে সমর্থন দিতে পারি,” বলেন রোনালদো।
পর্তুগালের হয়ে ইতিমধ্যে দুইবার নেশন্স লিগ জিতেছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা। এবার তাঁর লক্ষ্য তৃতীয়বারের মতো শিরোপা জেতা।
রোনালদোর কাছে ব্যক্তিগত ও দলীয়,দুই লক্ষ্যই সমান গুরুত্বপূর্ণ।
তাঁর ভাষায়, “১ হাজার গোল এবং জাতীয় দল। দুটো লক্ষ্যই গুরুত্বপূর্ণ। নেশন্স লিগ জেতাও আমাদের লক্ষ্য। বৃহস্পতিবার থেকেই শুরু হচ্ছে নতুন অধ্যায়।”
এফএস