রাজধানীর বনানীতে সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় মোসা. দুলালী বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুলালী বেগম ময়মনসিংহের শেরপুর জেলার বাদশা মিয়ার স্ত্রী।
নিহতের স্বজনরা জানান, দুর্ঘটনার পর দুলালী বেগমকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তাঁর মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
তবে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, গাড়ির ধাক্কায় এক নারী আহত হয়েছেন। পরে তাঁকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গাড়িটি সিটি করপোরেশনের কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। ওই নারীর বর্তমান অবস্থাও তখন জানা যায়নি।